যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের কেন্দ্রস্থলে আয়োজিত একটি খাদ্য উৎসবে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত এবং কোলের শিশুসহ চারজন আহত হয়েছেন। ঘটনার পর এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। অপর এক সন্দেহভাজনও এ ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে। সিয়াটল পুলিশ বিভাগের উপপ্রধান টাইরন ডেভিস জানিয়েছেন, ঘটনাস্থলে দুই ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দ্বিতীয় সন্দেহভাজনের সন্ধানে অভিযান চলছে। তিনি আরও জানান, আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বাকি চারজনের অবস্থা স্থিতিশীল। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ঘটনার কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। সিয়াটলের মেয়র কেটি উইলসন এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক উল্লেখ করে বলেন, শহরে সাম্প্রতিক সময়ে বন্দুক সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। মাত্র এক সপ্তাহ আগেই ধারাবাহিকভাবে একাধিক বড় সহিংসতার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যার দিকে হঠাৎ কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এক সন্দেহভাজনকে আটক করে। তবে হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন