টানা তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টির বার্তা দিয়েছে বিডব্লিউওটি। আগামী ২৬-২৭ এপ্রিল থেকে দেশজুড়ে শক্তিশালী একটি ‘বৃষ্টিবলয়’ সক্রিয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিবলয়টি ২৬ বা ২৭ এপ্রিল শুরু হয়ে পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে এবং এটি ৭ বা ৮ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এই সময়ে দেশের বিভিন্নপ্রান্তে নিয়মিত বিরতিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম-বিডব্লিউওটি গত সোমবার এক ফেসবুক পোস্টে এ পূর্বাভাস দিয়েছে। বৃষ্টিবলয়টি সবচেয়ে বেশি শক্তিশালী হতে পারে সিলেট বিভাগে। সেখানে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এ ছাড়া ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে এটি অধিক সক্রিয় থাকার সম্ভাবনা আছে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই সময়ে কেবল বৃষ্টিই নয়, দেশের বেশকিছু জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে তীব্র বজ্রপাত হতে পারে, যা প্রাণহানির ঝুঁকি বাড়াতে পারে। তাই এই সময়ে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে বৃষ্টিবলয়টি সক্রিয় হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ আগামী ২৫ বা ২৬ এপ্রিল পর্যন্ত দেশের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাবে মে মাসের শুরুতে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমবে এবং জনজীবনে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন