বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট আদালতের বেঞ্চগুলোর কার্যতালিকা (কজলিস্ট) ও মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এতে আরও বলা হয়, ভার্চুয়াল আদালতের কার্যক্রম ২০২০ সালের ‘কোর্ট কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন’ এবং ২০২০ ও ২০২১ সালে কোভিড-১৯ মহামারির সময় সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস ডিরেকশন অনুযায়ী পরিচালিত হবে।
এদিকে গতকাল বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন একদল আইনজীবী।
এর আগে ১৯ এপ্রিল হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমিন বিপ্লবের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে হাইকোর্টের বিচারকাজ সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি পরিচালনা করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন