জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন আয়কর বিভাগের শূন্য পদসমূহে চলমান নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে দেশে একটি অভিনব ও চতুর প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। সরকারি চাকরি পাওয়ার আকাক্সক্ষাকে পুঁজি করে চাকরিপ্রার্থী ও তাদের অভিভাবকদের কাছ থেকে এই চক্রটি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে সর্বসাধারণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে গতকাল সোমবার একটি জরুরি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থীদের কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রতারক চক্রের অর্থ আত্মসাতের অত্যন্ত সূক্ষ্ম ও অভিনব কৌশলের বিষয়টি জনসমক্ষে তুলে ধরেছে এনবিআর। প্রতিষ্ঠানটি জানায়, যারা সম্পূর্ণ নিজস্ব মেধা ও যোগ্যতায় স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাবেন, মূলত তাদেরকেই টার্গেট করে এই চক্র।
মেধাবী প্রার্থীরা নিজ যোগ্যতায় চাকরি পাওয়ার পর, চক্রটি মিথ্যা দাবি করে যে তাদের দেওয়া মোটা অঙ্কের টাকার বিনিময়েই এই চাকরি হয়েছে। এভাবে মিথ্যাচারের মাধ্যমে তারা প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। অন্যদিকে, যারা নিজস্ব অযোগ্যতার কারণে চাকরি পাবেন না, তাদের কারো কারো টাকা ফেরত দিয়ে চক্রটি নিজেদের ‘সৎ ও প্রভাবশালী’ প্রমাণ করার চেষ্টা করে। মূলত যোগ্য প্রার্থীদের কৃতিত্ব নিজেদের নামে চালিয়ে টাকা কামানোই এই চক্রের মূল ব্যবসা।
চাকরিপ্রার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, চলমান নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা, মেধা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। কোনো প্রকার তদবির, ঘুষ বা দালালের মাধ্যমে এখানে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। এই কমিটিতে স্বচ্ছতা বজায় রাখতে সরকারের চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যুক্ত রয়েছেন। তা হলোÑ জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ও আয়কর বিভাগ।
ঘটনায় এনবিআর চাকরিপ্রার্থী ও অভিভাবকদের এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে, চাকরি পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা দুষ্টচক্র অর্থ দাবি করলে বা অর্থ সংগ্রহ করার চেষ্টা করলে, তাদের তথ্য অবিলম্বে সংশ্লিষ্ট কর কমিশনার অফিস অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। জরুরি যোগাযোগের ঠিকানা জাতীয় রাজস্ব ভবন, আগারগাঁও ও টেলিফোন নম্বও : ০২-২২২২১৭৭৭৭।
জাতীয় রাজস্ব বোর্ড স্পষ্ট বার্তায় জানিয়েছে, সরকারের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত ও মেধাসম্পন্ন প্রশাসন গড়ে তোলা। তাই কোনো দালাল বা প্রতারকের খপ্পরে পড়ে মূল্যবান অর্থ নষ্ট না করে, চাকরিপ্রার্থীদের শুধু নিজেদের প্রস্তুতি, মেধা ও যোগ্যতার ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।

