মানসম্পন্ন গ্রাহকসেবার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসি) সোমবার দেশের সব শাখা কার্যালয় ও প্রধান কার্যালয়ে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনআইসি পরিচালক তায়েফ বিন ইউসুফ। এ ছাড়া প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানা উল্লাহ।
এ সময় তায়েফ বিন ইউসুফ বলেন, গত তিন দশকে পেশাদারত্ব, স্বচ্ছতা ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে বিএনআইসি গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও গ্রাহককেন্দ্রিক সেবা আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের বিমা খাতের টেকসই উন্নয়নে প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা পালন করবে।
তিনি বলেন, ‘৩০ বছরের এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং আমাদের প্রতি গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আগামী দিনগুলোতেও আমরা আধুনিক, নির্ভরযোগ্য ও গ্রাহকবান্ধব বিমাসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।’ মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানা উল্লাহ বলেন, বিএনআইসি সরকারি বিধিবিধান ও নির্দেশনা অনুসরণ করে গ্রাহকদের মানসম্মত সেবা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখবে।

