বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাম্প্রতিক সময়ের সিদ্ধান্তে বাজার তদারকিসহ নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতি পাবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএসই জানায়, গত ১ জুলাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ২০ক-এর আওতায় একটি আদেশ জারি করেছে বিএসইসি। এর মাধ্যমে নিজস্ব প্রবিধান ও নীতিমালা অনুযায়ী প্যারামিটার নির্ধারণ এবং বাস্তবায়নের ক্ষমতা দেওয়া হয়েছে দুটি স্টক এক্সচেঞ্জকে। এতে বিনিয়োগকারীদের সুরক্ষা, কার্যকর ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করা, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং বাজার উন্নয়ন ত্বরান্বিত করা সহজ হবে।
ডিএসই জানিয়েছে, পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্তমানে কার্যকর বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, নতুন ক্ষমতা পেলেও তাৎক্ষণিকভাবে বিদ্যমান বাজার পরিচালনব্যবস্থায় কোনো পরিবর্তন আসছে না। বিএসইসির এই নির্দেশনাকে স্বাগত জানাচ্ছে ডিএসই। বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার নির্ধারণে স্টক এক্সচেঞ্জকে ক্ষমতা প্রদানের এই সিদ্ধান্ত শেয়ারবাজারের দক্ষতা ও আন্তর্জাতিক মান অর্জনে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মনে করে প্রতিষ্ঠানটি।

