দেশের পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে পুঁজিবাজারের বিভিন্ন অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে সংস্থাটি।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আইপিও প্রক্রিয়ার আধুনিকায়নে বেশকিছু নীতিগত ও কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হলোÑ নতুন বিধিমালা পর্যালোচনা। ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস-২০২৫’ এর বিভিন্ন দিক বিশ্লেষণ।
আর্থিক বিবরণী ও নিরীক্ষা : আইপিও-সংক্রান্ত আর্থিক বিবরণী প্রস্তুত, নিরীক্ষা (অঁফরঃ) এবং আবেদন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতকরণ।
দায়বদ্ধতা নির্ধারণ : আইপিও প্রক্রিয়ায় নিরীক্ষক, ইস্যু ম্যানেজার এবং ইস্যুয়ার কোম্পানির ভূমিকা ও দায়বদ্ধতা স্পষ্ট করা।
মূল্য নির্ধারণ ও তালিকাভুক্তি : আইপিও প্রাইজিং, পাবলিক ইন্টারেস্ট এনটিটির তালিকাভুক্তি, ডাইরেক্ট লিস্টিং এবং রাইট ইস্যু সংক্রান্ত নীতিমালা।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা আইপিও প্রক্রিয়ায় তাদের বাস্তব অভিজ্ঞতা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।
অংশীজনদের এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুঁজিবাজার ও বিনিয়োগকারীবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় নীতি সহায়তা ও আইনি সংস্কারের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বিএসইসি।
সভায় বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব এবং মো. নাফিজ আল তারিকসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাজার সংশ্লিষ্ট শীর্ষ সংস্থাগুলোর প্রতিনিধিদের মধ্যে অংশ নেনÑ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট সাব্বির আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ইফতেখার আলম এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্বাহী পরিচালক মো. তারেক কামাল।
পাশাপাশি বিএপিএলসি, সিএফএ সোসাইটি বাংলাদেশসহ বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ইস্যু ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরাও সভায় উপস্থিত ছিলেন।

