ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মিঠামইনে বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৯:৩৭ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করেছে পুলিশ। রাজনৈতিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা যায়, বুধবার রাত ৯টার দিকে মিঠামইন উপজেলা সদরের কামালপুর এলাকায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন জাহিদুল আলম জাহাঙ্গীর। বাজার থেকে বাড়ি ফেরার পর তিনজন দুর্বৃত্ত চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তাকে।

এ সময় হামলা ঠেকাতে এগিয়ে এলে স্থানীয় বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হামলায় অংশ নেওয়া তিনজনই ঢাকা থেকে মিঠামইনে এসেছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে রাজনৈতিক কারণেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে সরকারি গাছ কাটার একটি ঘটনায় এর আগে দলীয় সদস্যপদ স্থগিত করা হয়েছিল।