গ্রীষ্মের তপ্ত দুপুরে এক ফালি রসালো তরমুজ যেমন প্রাণের তৃষ্ণা মেটায়, তেমনি আপনার ত্বকের নির্জীবতা দূর করতেও এটি এক অনন্য প্রাকৃতিক সমাধান। প্রায় ৯২ শতাংশ পানি সমৃদ্ধ এই ফলটি কেবল তৃপ্তিদায়ক পানীয় বা জুস হিসেবেই নয়, বরং সরাসরি ত্বকের যতেœও জাদুর মতো কাজ করে। ভিটামিন এ, সি এবং লাইকোপিনের মতো শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। তরমুজ ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে দেয় এবং সূর্যের প্রখর তাপে হওয়া ক্ষতি কাটিয়ে ত্বককে করে তোলে সতেজ ও প্রাণবন্ত। ভেতর থেকে পুষ্টি আর বাইরে থেকে শীতল পরশÑ সব মিলিয়ে গরমে ত্বকের পরম বন্ধু হলো এই তরমুজ।
গ্রীষ্মের প্রখর তাপে ত্বক যখন পানিশূন্য হয়ে রুক্ষ ও নিস্তেজ হয়ে পড়ে, তখন তরমুজ কাজ করে জাদুর মতো। এর লাল অংশ থেকে শুরু করে সাদাটে অংশ এবং বীজ সবকিছুই পুষ্টিগুণে ভরপুর।
ত্বকের ব্যবহারে তরমুজ
কেন ব্যবহার করবেন তরমুজ
তরমুজে থাকা প্রচুর পরিমাণ পানি ত্বককে ভেতর থেকে হাইড্রেট বা আর্দ্র রাখে। এতে বিদ্যমান ভিটামিন এ, সি এবং ই ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে এবং কোলাজেন বাড়িয়ে ত্বককে রাখে মসৃণ ও টানটান। বিশেষ করে এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ‘লাইকোপিন’ সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
ঘরোয়া রূপচর্চার সহজ পদ্ধতিতে তরমুজ
তরমুজ দিয়ে ত্বকচর্চা করা যেমন সহজ, তেমনি এটি প্রায় সব ধরনের ত্বকের জন্যই উপযোগী। নিচে ব্যবহারের কিছু কার্যকরী উপায় তুলে ধরা হলো:
ত্বকের কোমলতায় হাইড্রেটিং প্যাক তরমুজের রস বা পেস্টের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগাতে পারেন। সমপরিমাণে এই দুটি উপাদান মিশিয়ে প্যাক তৈরি করলে তা শুষ্ক ত্বককে গভীরভাবে হাইড্রেট করে এবং ত্বককে করে তোলে কোমল ও মসৃণ।
উজ্জ্বলতা বাড়াতে লেবু ও তরমুজ যদি ত্বকে একটু বাড়তি উজ্জ্বলতা পেতে চান, তবে তরমুজ পেস্টের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করুন। এটি নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে ত্বকের কালচে দাগ ও রোদে পোড়া ভাব (সানবার্ন) কমতে শুরু করবে।
তৈলাক্ত ত্বকের যতেœ তরমুজের রস তৈলাক্ত ত্বকের জন্য তরমুজের পেস্টের চেয়ে রস ব্যবহার করা বেশি ভালো। তরমুজের রসের সঙ্গে মুলতানি মাটি বা যেকোনো ড্রাই ফেসপ্যাক মিশিয়ে ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে আসে এবং বড় হয়ে যাওয়া রোমকূপগুলো সংকুচিত হয়।
প্রাকৃতিক স্ক্রাব হিসেবে বীজের ব্যবহার তরমুজের বীজ ফেলে না দিয়ে সেগুলো শুকিয়ে গুঁড়া করে নিতে পারেন। এই গুঁড়া দিয়ে ঘরেই স্ক্রাব তৈরি করা সম্ভব, যা ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে আলতোভাবে পরিষ্কার করে।
ক্লান্তি দূর করতে তরমুজের বরফ বাইরের গরম থেকে ফিরে ত্বকের সতেজতায় তরমুজের আইস কিউব দারুণ কার্যকর। তরমুজের রস ছেঁকে নিয়ে ফ্রিজে বরফ করে রাখতে পারেন। দিন শেষে এটি মুখে ঘষলে ত্বকের জ্বালাপোড়া ও ক্লান্তি নিমেষেই দূর হয়।

