নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর হেতেম খাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয়ের সামনে ‘রাজশাহীবাসী’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু। এ সময় বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, বিভাগীয় শহর রাজশাহী থেকে নেসকোর প্রধান কার্যালয় অন্যত্র স্থানান্তরের উদ্যোগ এ অঞ্চলের প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্বকে ক্ষুণ্ন করবে। এতে কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং জনসেবামূলক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে। তারা প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি জানান এবং এ উদ্যোগ বাতিলের আহ্বান জানান। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।
পরে নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) আফাজ উদ্দিনের মাধ্যমে প্রধান উপদেষ্টার উদ্দেশে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, প্রধান কার্যালয় স্থানান্তর করা হলে রাজশাহীর কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও জনসেবামূলক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। তাই স্থানান্তরের প্রস্তাব বাতিল করে প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার অনুরোধ জানানো হয়।
এদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ সম্প্রতি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সম্ভাব্য আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করে মতামত দিতে নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি চিঠি পাঠিয়েছে। গত ১৬ জুলাই সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত ওই চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় মতামত চাওয়া হয়।

