ঋতুচক্রের আবর্তনে এখন কাঠফাটা রোদে ঘাম ঝরানো গ্রীষ্মের মধ্যভাগ। তপ্ত দুপুরের দহন ও চারপাশের ধূসরতাকে হার মানাতে পোশাকে সতেজতা ফিরিয়ে আনা জরুরি। এই সতেজতার চিরন্তন উৎস হলো ফুল। মানুষের জীবনে ফুল কেবল সুবাসের জায়গায় নয়, ফুল কখনো ঘর সাজানোর উপকরণ, কখনো গহনা, আবার কখনো আন্তরিক উপহার। বর্তমানে বিশ্ব ফ্যাশন ধারার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের ফ্যাশন হাউসগুলোও পোশাকে এনেছে ফুলেল বা ফ্লোরাল মোটিফের প্রচলন। গ্রীষ্মের দাবদাহে নিজেকে কুল বা শান্ত রাখতে ফুলেল নকশার পোশাকের বিকল্প ভাবা কঠিন।
ফুলেল মোটিফের ধারা
পোশাকে ফুলেল নকশার উপস্থিতি ফ্যাশন জগতে নতুন কোনো বিষয় নয়। সত্তরের দশকের কালজয়ী হিপ্পি মুভমেন্ট বা পরবর্তী সময়ের ফ্যাশনে ছেলেদের
পোশাকে বড় বড় ফুলেল মোটিফের ব্যাপক প্রচলন ছিল। তবে সময়ের পরিক্রমায় বর্তমানের ফুলেল নকশা এসেছে আরও বৈচিত্র্যময় এবং আধুনিক হয়ে। আধুনিক ডিজাইনাররা এখন ফুলের বাস্তব রূপ এবং বিমূর্ত নকশা উভয় পদ্ধতিকেই পোশাকে স্থান দিচ্ছেন। কোনো পোশাকে হয়তো কৃষ্ণচূড়ার ডালপালা বা থোকা থোকা ফুল হুবহু বাস্তবসম্মতভাবে ফুটে উঠছে হাতে সেলাইয়ের কারুকাজে, আবার কোথাও ফুলের মূল জ্যামিতিক কাঠামো ভেঙে তাকে বিমূর্ত নান্দনিক মোটিফে রূপান্তর করা হচ্ছে। পোশাকে লতা, পাতা এবং ডালপালার সুনিপুণ সংমিশ্রণ চিরায়ত প্রকৃতির বিশ্বস্ত প্রতিফলন।
রং-ফেব্রিকে স্বস্তি
গ্রীষ্মের পোশাকে রঙের ভূমিকা অপরিসীম। এ বছর ফ্যাশন হাউসগুলো মধু-সরিষা রং, লেবু হলুদ, পাউডার ব্লু এবং হালকা লাল রঙের ওপর বিশেষ জোর দিয়েছে। মূলত হালকা বুননের সুতি কাপড় যেমন ভয়েল, পপলিন ও মোডাল ব্যবহারের কারণে এই উজ্জ্বল রংগুলো কাপড়ের জমিনে চমৎকারভাবে ফুটে ওঠে। মেয়েদের পোশাকে লাল, নীল, কমলা ও গোলাপির পাশাপাশি সাদা ও চাঁপা সাদার একটি আভিজাত্য লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে ছেলেদের পোশাকে প্রাধান্য পাচ্ছে নীল, সাদা, কালো ও সবুজের স্নিগ্ধ শেডগুলো। বিশেষ করে সবুজের বিভিন্ন শেড এবং ক্যাডমিয়াম ইয়েলোর মতো উজ্জ্বল রংগুলো পোশাকে এনে দিচ্ছে প্রাকৃতিক প্রশান্তি, যা চোখের জন্য যেমন আরামদায়ক, পরনের জন্যও তেমনি স্বস্তির।
নারী পোশাকে ফুল
অনেক মেয়েদের পোশাকের ভাঁজে ভাঁজে এখন ফুলের খেলা। কারো কামিজের পুরোটাজুড়েই হয়তো থাকছে ছোট ছোট ফুলের বাগান, আবার কোনো টপ বা টিউনিকের কেবল নিচের অংশে অথবা এক কোণে লতাপাতার সূক্ষ্ম কাজ। রোজকার ব্যবহারের জন্য সুতি কুর্তি বা টপে স্ক্রিন প্রিন্ট ও ব্লক প্রিন্টের ফুলেল নকশা যেমন জনপ্রিয়, তেমনি উৎসবের আমেজে জর্জেট বা সিনথেটিক কাপড়ে ভারী কারচুপি ও অ্যাপ্লিকের কাজও চোখে পড়ার মতো। শাড়ির ক্ষেত্রেও বড় বড় ফুলের ডিজিটাল প্রিন্ট এখন চাহিদার তুঙ্গে। প্যাচওয়ার্ক ও মেশিন অ্যাম্ব্রয়ডারির মাধ্যমে সালোয়ার কামিজ ও পালাজ্জোতে যে শৈল্পিকতা ফুটিয়ে তোলা হচ্ছে, তা একই সঙ্গে আধুনিক এবং এথনিক। এই বৈচিত্র্যময় কাটের পোশাকগুলো কেবল আরামই নিশ্চিত করে না, বরং গ্রীষ্মের ক্লান্তি দূর করে ব্যক্তিত্বে অনন্য সজীবতা দেয়।
পুরুষের ফ্যাশনে ফুল
আধুনিক ফ্যাশনে পুরুষের পোশাক একঘেয়ে রঙের গ-িতে সীমাবদ্ধ নেই। বিশেষ করে ক্যাজুয়াল শার্ট ও টি-শার্টে রঙিন ফুলেল নকশার গ্রহণযোগ্যতা গত কয়েক বছরে বহুগুণ বেড়েছে। গ্রীষ্মের ছুটিতে বা বিকেলের আড্ডায় হাফ স্লিভ ফুলেল শার্ট এখনকার তরুণদের পছন্দ। টি-শার্ট ও পোলো শার্টে এখন ছাপা নকশার পাশাপাশি ব্যাজ অ্যাম্ব্রয়ডারি বা প্যাচওয়ার্কের কাজ দেখা যাচ্ছে। পাঞ্জাবি ও ফতুয়াতেও পিছিয়ে নেই ফুলেল মোটিফ। হালকা রঙের পাঞ্জাবির কলারে বা হাতার প্রান্তে সূক্ষ্ম ফুলেল অ্যাম্ব্রয়ডারি আভিজাত্যের নতুন মাত্রা যোগ করেছে। ধনে বা কাঁচা হলুদ রঙের পাঞ্জাবিতে সবুজের ছোঁয়ায় লতা-পাতার কাজ বাঙালি পুরুষের পোশাকে এনেছে ঋতুভিত্তিক বৈচিত্র্য।
নকশার কারুকাজ
ফুলেল পোশাকের নান্দনিকতা বাড়াতে ডিজাইনাররা বিভিন্ন মাধ্যম ব্যবহার করছেন। স্ক্রিন প্রিন্ট থেকে শুরু করে হাতের সেলাই, সবকিছুতেই রয়েছে ফুলের ছোঁয়া। মেয়েদের নিত্যব্যবহার্য টপ বা কুর্তাতে হালকা কারচুপি ও মেশিন অ্যাম্ব্রয়ডারি করে পোশাকটিকে যেমন দৃষ্টিনন্দন করা হচ্ছে, তেমনি দাওয়াত উপযোগী পোশাকে ব্যবহৃত হচ্ছে ভারী কারুকাজ। টি-শার্টের ক্ষেত্রে ডাই আবহ বা টাই-ডাই পদ্ধতির সঙ্গে ফুলেল মোটিফের সমন্বয় নতুন মাত্রা যোগ করেছে। কোনো পোশাক হয়তো তৈরি করা হয়েছে ধূসর বা ফ্যাকাশে রঙের সাধারণ কাপড়ে, কিন্তু তাতে যখন উজ্জ্বল রঙের ফুলেল নকশা যোগ করা হচ্ছে, তখন তা যেন ক্যানভাস হয়ে ফুটে উঠছে।
গ্রীষ্মকালে ফুলেল আভিজাত্য
গ্রীষ্মের প্রখর সূর্য যখন মাথার ওপর, তখন ফুল পোশাকে নিজেকে সাজানো একটি যূথবদ্ধ কৌশল নিজেকে কুল রাখার। অফিসের ফরমাল পোশাক হোক কিংবা বন্ধুদের সঙ্গে কাটানো অবসর সময়, ফুলেল নকশার উপস্থিতি সর্বত্রই সমানভাবে সাবলীল। প্রকৃতির সান্নিধ্য ছাড়া মানুষের মন তৃপ্ত হয় না, আর পোশাকে সেই প্রকৃতির ছোঁয়া থাকলে তা মানসিক প্রশান্তিও নিশ্চিত করে। তাই গ্রীষ্মের মাঝামাঝি সময়ে নিজেকে সতেজ ও প্রাণবন্ত রাখতে ফুলেল নকশার বাহারি পোশাকই হোক আপনার সঙ্গী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন