গণভোটের রায় ব্যর্থ হলে জনগণ গণতন্ত্র ও নির্বাচনি প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারাবে এবং জনগণ সরকারকে ধিক্কার দেবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘জনগণের ধিক্কারের পাত্র বিরোধী দল হতে চায় না। এ দায়িত্ব আমরা (বিরোধী দল) নেব না। এজন্যই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম।’
গতকাল রোববার ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনী পরিদর্শন শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘সরকারি দল স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন চায় না, নির্বাচন কমিশন চায় না। আগের ফ্যাসিবাদী আলোকে সবকিছু রাখতে চায়। এজন্য তারা গণভোটের গণরায় মানতে চায় না। আমরা পরিষ্কার বলে দিচ্ছিÑ এ রায় বাংলার জমিনে বাস্তবায়ন হবে, ইনশা আল্লাহ।’
তিনি আরও বলেন, ‘জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ৭০ ভাগ মানুষ যে রায় দিয়েছে, আল্লাহর মেহেরবানীতে তা অবশ্যই বাস্তবায়ন হবে। আমরা সংসদে ও রাজপথে লড়াই করব। দাবি সংসদে আদায় হলে আলহামদুলিল্লাহ, না হলে রাজপথে আন্দোলন করে দাবি আদায়ে বাধ্য করা হবে।’
আমিরে জামায়াত বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় নাই। কোনো ধানাইপানাই মানব না। আমাদের অনেক লোভ দেখানো হয়েছেÑ সব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। জনগণের সঙ্গে আমরা বেইমানি করব না। জনগণের রায়কে অপমান করব না। আর যদি গণভোটের রায় ব্যর্থ হয়Ñ জনগণ গণতন্ত্র ও নির্বাচনি প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারাবে। জনগণ ধিক্কার দেবে, সেই ধিক্কারের পাত্র বিরোধী দল হতে চায় না। এ দায়িত্ব আমরা নেব না। এজন্যই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম।’ তিনি আরও বলেন, ‘সরকার এখন স্বৈরশাসকের ভাষায় বিভিন্ন কথা বলছে। তাদের চেলাচামুন্ডারা ও বটবাহিনী মানুষের ইজ্জত নিয়ে খেলে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুম হতে দেওয়া হবে না। গণরুম, গেস্টরুমের কবর হয়ে গেছে চব্বিশেÑ সেটা আর ফিরে আসবে না। এখন কেউ ফিরিয়ে আনতে চাইলে তাদেরই ফিরিয়ে দেওয়া হবে। কোনো বিশ্ববিদ্যালয়ে আর এটা হবে না।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় এখনো রাজনৈতিক অপচর্চামুক্ত হয়নি। রাজনৈতিক বিবেচনায় অনেক জায়গায় অনেক কিছু করা হচ্ছে। আমরা চুপচাপ আছি বলে মনে করবেন না ঘুমিয়ে গেছি।’ বিরোধীদলীয় নেতা বলেন, ‘জনগণের স্বার্থের সঙ্গে কোনো আপস হবে না। কোনো অপশক্তির কাছে মাথাও নত করা হবে না। দেশীয়, আঞ্চলিক, আন্তর্জাতিকÑ এটা যাই হোক। যুবকদের প্রত্যাশার, আকাক্সক্ষার বাংলাদেশ গড়ার জন্য বাকি জীবনকে আমরা উজাড় করে দেব। যুবকদের সঙ্গে লড়াই করব। যুবকদের সঙ্গে ও সম্মুখভাগে থেকে মুক্তির আন্দোলন চলবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন