× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেহরুন নিশি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৫:৩২ এএম

ঈদের ফ্যাশন ট্রেন্ড

মেহরুন নিশি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৫:৩২ এএম

ঈদের  ফ্যাশন ট্রেন্ড

কোরবানি ঈদের মাত্র আর কিছুদিন বাকি। হঠাৎ বৃষ্টি এবং গরমের আবহে এবার জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। ঈদ মানেই নতুন পোশাকের আনন্দ, আর এই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে দেশের ফ্যাশন হাউস ও বুটিকগুলো সেজেছে বর্ণিল সাজে। এবারের ঈদ ফ্যাশনের মূল বিষয় হলোÑ ঐতিহ্য ও আধুনিকতার মিশেল, যেখানে নকশার আভিজাত্য বজায় রাখার পাশাপাশি আরাম শব্দটিকে দেওয়া হয়েছে সর্বোচ্চ অগ্রাধিকার। বছরের অন্যান্য সময়ের চেয়ে ঈদের সময়ই মূলত নির্ধারিত হয় সমকালীন ফ্যাশনের গতিপ্রকৃতি। তাই এবারের কোরবানি ঈদে কাপড়ের ধরন, রঙের ব্যবহার, কাট ও নকশার বৈচিত্র্য নিয়ে তৈরি হয়েছে নতুন ফ্যাশন বয়ান।

ক্যানভাসে আরাম

তীব্র গরম এবং আকস্মিক বৃষ্টির আবহাওয়ায় পোশাকের ফেব্রিক বা কাপড় নির্বাচন করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফ্যাশন ডিজাইনাররা এবার তাই জোর দিয়েছেন প্রাকৃতিক এবং শ্বাস-প্রশ্বাসযোগ্য কাপড়ের ওপর। সুতি (কটন), লিনেন, ভিসকস ও জ্যাকার্ডের তৈরি পোশাকই বাজারের মূল আকর্ষণ। তবে উৎসবের জমকালো ভাব ফুটিয়ে তুলতে সিল্ক, অ্যান্ডি সিল্ক, নেট, টিস্যু এবং মসলিনের ব্যবহারও সমানতালে চলছে।

রঙের ক্ষেত্রে এবার এসেছে বড় ধরনের পরিবর্তন। উৎসবের চিরাচরিত চড়া রংকে কিছুটা পাশে ঠেলে ক্যাজুয়াল ও ফরমাল উভয় পোশাকেই রাজত্ব করছে চোখ-জুড়ানো হালকা ও স্নিগ্ধ রং। সাদা, ঘিয়ে, হালকা গোলাপি, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার ও আকাশি রঙের মতো উজ্জ্বল প্যাস্টেল শেডগুলো গরমের স্বস্তি এনে দিচ্ছে। তবে আভিজাত্য ধরে রাখতে রাতের উৎসবের জন্য ক্লাসিক লাল, নেভি ব্লু, পান্না সবুজ ও কালোর মতো গাঢ় রংগুলোও রয়েছে পছন্দের শীর্ষে।

পোশাকে নতুনত্ব

বাঙালি নারীর প্রিয় পোশাক সালোয়ার-কামিজের কাটিং ও স্টাইলিংয়ে এবার দৃশ্যমান বড় ধরনের পরিবর্তন। সোজা কাটের (স্ট্রেইট কাট) কামিজের সঙ্গে স্ট্রেইট প্যান্ট কিংবা লম্বা কুর্তার সঙ্গে ঢিলেঢালা পালাজ্জো প্যান্টের সমন্বয় এবার দারুণ জনপ্রিয়। এ ছাড়া আনারকলি, প্রিন্সেস লাইন, ডাবল লেয়ার এবং অ্যাসিমেট্রিক (অসম) ধাঁচের কাটের পোশাকগুলো তরুণীদের ফ্যাশনে আধুনিকতার ছোঁয়া যোগ করেছে।

এবারের কালেকশনের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর নকশা ও মোটিফের বৈচিত্র্য। একদিকে যেমন দেশীয় কাঁথা স্টিচ, জামদানি ও ঐতিহ্যবাহী মোগল মোটিফ ব্যবহার করা হয়েছে;

অন্যদিকে তেমনি আন্তর্জাতিক ঘরানার ইজনিক, ফ্লোরাল, ট্রাইবাল, টার্কিশ আর্ট, ইসলামিক ও গ্রিক মোটিফের সফল ফিউশন দেখা যাচ্ছে। এমনকি কার্পেটের টেক্সচার থেকে অনুপ্রাণিত ‘বিউটি অব রাগস’-এর মতো মিক্সড মোটিফও এবার পোশাকে ভিন্নধর্মী নান্দনিকতা যোগ করেছে।

গলা ও হাতার নকশা

পোশাকের পুরো জমিনের চেয়ে এখনকার ফ্যাশনে বেশি গুরুত্ব পাচ্ছে স্লিভ বা হাতা এবং গলার কাটিং। এবারের ঈদে হাই নেক ও বোট নেকের কামিজের প্রতি ক্রেতাদের আগ্রহ লক্ষণীয়। পাশাপাশি কিছু নিরীক্ষাধর্মী পোশাকে অব-শোল্ডার বা কাঁধ থেকে নামানো স্টাইলও দেখা যাচ্ছে, যা পোশাকে পশ্চিমা ঘরানার আধুনিকতা এনে দেয়।

হাতার ডিজাইনে চলছে নব্বইয়ের দশকের রেট্রো লুকের পুনরাবৃত্তি। ফুল স্লিভ বা লম্বা হাতা, কনুই পর্যন্ত থ্রি-কোয়ার্টার হাতা, পাফ স্লিভ (ঘটি হাতা) এবং কাফ দেওয়া হাতার চল এবার খুব বেশি। কোথাও কোথাও হাতার নিচের অংশে বা কাটিংয়ে লেয়ার ও ফ্রিঞ্জ ডিজাইন ব্যবহার করে সাধারণ একটি কুর্তিকেও করে তোলা হয়েছে অনন্য ও উৎসবমুখর।

কুর্তি ও ভারী কাজের ওড়না

ঈদের দিন সকাল কিংবা দুপুরের দিকে রান্নাবান্না ও অতিথি আপ্যায়নের ঝক্কি মাথায় রেখে কর্মজীবী নারী ও কিশোরীদের প্রধান পছন্দ ফ্রেশ মিডিয়াম কুর্তি বা টপস। এই কুর্তিগুলো সাধারণত সুতি বা লিনেন কাপড়ের ওপর হালকা স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট বা টাই-ডাইয়ের হয়ে থাকে।

তবে বিকেলের পর কিংবা রাতের উৎসবের জন্য ভারী কাজের থ্রি-পিসের চাহিদা একেবারেই ভিন্ন। চুমকি, সিকুইন ওয়ার্ক, কারচুপি ও পাথরের কাজ করা শর্ট কামিজের সঙ্গে এবার ফ্যাশনেবল ওড়নার এক দারুণ ট্রেন্ড চলছে। নেট, টিস্যু বা অরগ্যাঞ্জার ওপর ভারী অ্যাম্ব্রয়ডারি ও সিকুইনের কাজ করা ওড়নাগুলো সাধারণ পোশাকের আউটলুককেও নিমেষেই জমকালো করে তোলে। ওড়নার এই আভিজাত্যই এবার থ্রি-পিসের মূল আকর্ষণ।

পুরুষের ফ্যাশন

বাঙালি পুরুষের ঈদ ফ্যাশন পাঞ্জাবি ছাড়া ভাবাই যায় না। তবে কোরবানি ঈদের কাজের পরিধি ও আবহাওয়ার কারণে এবার পুরুষের পোশাকে ক্লাসিক্যাল লুকের পাশাপাশি ক্যাজুয়াল ধাঁচের ট্রেন্ড খুব শক্তিশালী। ঈদের সকালে আরাম নিশ্চিত করতে ট্রাউজার্স, চিনোস বা ডেনিমের সঙ্গে লিনেন অথবা সুতির শর্ট কুর্তা এবং ক্যাজুয়াল শার্টের মেলবন্ধন দেখা যাচ্ছে।

ঈদের নামাজ ও রাতের আড্ডার জন্য পাঞ্জাবিতে থাকছে শতভাগ আভিজাত্যের ছোঁয়া। কটন ও লিনেন মিক্স ফেব্রিকের তৈরি সেমি-ফিটেড প্রিমিয়াম পাঞ্জাবিগুলোতে এবার গলার কলার এবং প্ল্যাকেটে (বোতামের পট্টি) সূক্ষ্ম অ্যাম্ব্রয়ডারি, কারচুপি ও সুতার কাজ বেশি দেখা যাচ্ছে। রঙের ক্ষেত্রে আইভরি, অফ-হোয়াইট, পান্না সবুজ এবং ব্ল্যাক- এর মতো ডার্ক শেডগুলো পুরুষদের প্রথম পছন্দ। এ ছাড়া রাজকীয় লুকের জন্য তরুণদের একটি বড় অংশ বেছে নিচ্ছেন কাবলি সেট।

ম্যাচিং কম্বো

সাম্প্রতিক বছরগুলোর মতো এবারের ঈদেও দম্পতি ও পরিবারের জন্য ম্যাচিং কম্বো কালেকশন একটি বড় ট্রেন্ড। একই রং, ফেব্রিক ও মোটিফের ওপর ভিত্তি করে শাড়ি-পাঞ্জাবি বা সালোয়ার-কামিজ ও পাঞ্জাবির কম্বো সেটগুলো উৎসবের মেলবন্ধনকে আরও চমৎকারভাবে ফুটিয়ে তুলছে। তবে পোশাক যতই জমকালো হোক না কেন, আবহাওয়ার কারণে সাজগোজের ক্ষেত্রে এবার মিনিমালিজম বা স্নিগ্ধতাকেই বেছে নিচ্ছেন রূপবিশেষজ্ঞরা। ভারী মেকআপের চেয়ে হালকা ও ওয়াটারপ্রুফ স্নিগ্ধ বেইস মেকআপ এবার বেশি জনপ্রিয়। চোখ ও ঠোঁটের সাজে হালকা রঙের ব্যবহার এবং পোশাকের সঙ্গে মিলিয়ে অক্সিডাইজড, রুপা ও পার্লের (মুক্তা) গহনা এখনকার মূল স্টাইল স্টেটমেন্ট।

 

রূপালী বাংলাদেশ

Link copied!