ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আগুনরাঙা গ্রীষ্মে সাদার ছোঁয়া

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:২৩ এএম

বৈশাখের তপ্ত দুপুর পেরিয়ে জ্যৈষ্ঠের গনগনে আঁচÑ প্রকৃতি এখন যেন আগুনের গোলক। পিচগলা রাস্তা আর ভ্যাপসা গরমে যখন অতিষ্ঠ জনজীবন, তখন ফ্যাশন আর আরামের চিরন্তন সমীকরণ মেলাতে হিমশিম খাচ্ছেন সবাই। চকমকে বা গাঢ় রঙের পোশাক এই গরমে চোখের শান্তি তো কাড়েই, সঙ্গে শরীরের অস্বস্তিও বাড়িয়ে দেয় বহুগুণ। এই আগুনরঙ্গা গ্রীষ্মে তপ্ত শরীর আর মনকে এক চিলতে প্রশান্তি দিতে পারে কেবল সাদার স্নিগ্ধতা ও আভিজাত্য। সাদা পোশাকে  নিজেকে সাজাতে পারেন আপনিও, বিস্তারিত জানুন  মেহরুন নিশির লেখায়

গরমে সাদা সেরা

বিজ্ঞান এবং ফ্যাশন, দুই নিয়ামকই গ্রীষ্মে সাদার পক্ষে রায় দেয়। গাঢ় রং যেখানে সূর্যের তাপ শোষণ করে শরীরকে আরও উত্তপ্ত করে তোলে, সেখানে সাদা রং আলো ও তাপ প্রতিফলিত করে শরীরকে রাখে অপেক্ষাকৃত শীতল। এ ছাড়া বর্তমান আবহাওয়ায় ঘাম হওয়াটা খুবই স্বাভাবিক। সুতির সাদা পোশাক যেমন শরীরকে স্বস্তি দেয়, তেমনি ঘাম দ্রুত শুষে নিয়ে তা শুকিয়ে ফেলতেও সাহায্য করে। আলমারির একদম সামনের সারিতে তাই এখন কয়েকটি সুতি, লিনেন বা খাদি কাপড়ের সাদা পোশাক রাখার এটাই উপযুক্ত সময়।

পরিপাটি ফরমাল লুক

কর্মব্যস্ত দিনে ফরমাল বা সেমি-ফরমাল লুকে সাদার জুড়ি নেই। অফিস কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্লাসের জন্য বেছে নিতে পারেন সাদা রঙের ঢিলেঢালা সুতির কুর্তি বা ফতুয়া। এই গরমে একদম আটসাট পোশাক এড়িয়ে নিজের মাপের চেয়ে এক বা দুই সাইজ বড় (ওভারসাইজড) পোশাক পরা এখন দারুণ ট্রেন্ডি।

সাদা ক্যানভাসের মতো, এর সঙ্গে যেকোনো রঙের কম্বিনেশন খুব সহজে ফুটিয়ে তোলা যায়। সাদা কুর্তির সঙ্গে কনট্রাস্ট করে নীল, সবুজ বা ল্যাভেন্ডার রঙের ওড়না জড়িয়ে নিতে পারেন। কুর্তির সঙ্গে ডেনিম জিন্স বা বাহারি রঙের পালাজ্জো পরলে লুকে আসবে ভিন্নতা। যারা একটু ট্র্যাডিশনাল পছন্দ করেন, তারা সাদা ফতুয়ার ওপর কোনো উজ্জ্বল রঙের সুতি কটি পরে নিতে পারেন। সাদা মানেই যে মলিন বা একঘেয়ে, তা কিন্তু নয়; সাদার সঙ্গে একটি লাল, গোলাপি বা নীল রঙের ব্যাগ এবং মানানসই জুতা নিলেই পুরো লুকটি উজ্জ্বল হয়ে উঠবে।

উৎসব-আড্ডায় ফিউশন

গ্রীষ্মের দিনেও উৎসব, আড্ডা বা ছোটখাটো নিমন্ত্রণ থেমে থাকে না। এসব অনুষ্ঠানে নিজেকে স্নিগ্ধ অথচ আকর্ষণীয় করে তুলতে ফিউশন স্টাইল বেছে নেওয়া যেতে পারে। একটি উজ্জ্বল রঙের স্কার্টের সঙ্গে সাদা শার্ট বা শর্ট কুর্তি চমৎকার ফিউশন লুক দেয়। পোশাকের হাতায় দিতে পারেন ঘটি হাতা বা থ্রি-কোয়ার্টার থ্রিড ডিজাইন, যা গরমে আরাম দেওয়ার পাশাপাশি ফ্যাশনে আনবে নতুনত্ব।

বাঙালির যেকোনো উৎসবে সাদা শাড়ির আবেদন চিরন্তন। একটি সাদা সুতি, কোটা বা জামদানি শাড়ির সঙ্গে কনট্রাস্ট রঙের ব্লাউজ দারুণ মানিয়ে যায়। আর যদি শাড়ি ও ব্লাউজ দুটোই সাদা পরতে চান, তবে গহনায় আনুন রঙের ছোঁয়া। রঙিন পাথরের গহনা কিংবা একছড়া খাঁটি সাদা মুক্তার মালা আপনার সাজে যোগ করবে এক রাজকীয় আভিজাত্য। রাতের কোনো দাওয়াত থাকলে সুতি সাদা কামিজের সঙ্গে একটি ভারি সিল্ক বা অ্যাম্ব্রয়ডারি করা ওড়না জড়িয়ে নিলেই আপনি তৈরি। তবে সাদা বেছে নেওয়ার ক্ষেত্রে কেবল ধবধবে সাদা নয়, এর অফ-হোয়াইট, ঘিয়ে, আইভরি বা হালকা ধূসর শেডগুলোও পরখ করে দেখতে পারেন।

ফ্যাশন ব্র্যান্ডগুলোর ভাবনা

গ্রীষ্মের এই তীব্রতাকে মাথায় রেখে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউসগুলো তাদের কালেকশনে সাদাকে দিয়েছে বিশেষ প্রাধান্য। ফ্যাশন ডিজাইনাররা সাদা সুতি কাপড়ের ওপর টাইডাই, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট এবং হালকা সুতার কাজ বা চিকনকারির কাজ ফুটিয়ে তুলছেন। এতে পোশাকটি যেমন হালকা ও আরামদায়ক থাকছে, তেমনি এর নান্দনিক মূল্যও বেড়ে যাচ্ছে বহুগুণ। বাজারে এখন রেডিমেড থেকে শুরু করে গজ কাপড় কেটে নিজের পছন্দমতো ডিজাইনে সাদা পোশাক বানিয়ে নেওয়ার ধুম পড়েছে।

সাদা পোশাকের যতœআত্তি

সাদা পোশাক যেমন পরতে আরাম ও দেখতে সুন্দর, এর রক্ষণাবেক্ষণ কিন্তু ঠিক ততটাই কঠিন। নিয়মিত ব্যবহারে সাদা কাপড় দ্রুত তার উজ্জ্বলতা হারিয়ে হলদেটে হয়ে যেতে পারে। তাই কিছু জরুরি টিপস মেনে চলা প্রয়োজন-

আলাদা ধোয়া : সাদা পোশাক কখনোই রঙিন কাপড়ের

সঙ্গে ভেজাবেন বা ধোবেন না। অসাবধানতাবশত অন্য কাপড়ের রং লেগে গেলে সাধের সাদা পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে।

তাৎক্ষণিক দাগ দূরীকরণ : কাপড়ে কোনো দাগ লাগলে তা পানিতে ভেজানোর আগেই পরিষ্কার করতে হবে। দাগ লাগা স্থানে খানিকটা ডিটারজেন্ট পাউডার দিয়ে টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষে দাগ তুলে নিন।

জেদি দাগে বেকিং সোডা ও লেবু : তরকারির ঝোল বা চায়ের জেদি দাগ দূর করতে বেকিং সোডা ও লেবুর রসের পেস্ট তৈরি করে দাগের ওপর আধা ঘণ্টা লাগিয়ে রাখুন, এরপর ধুয়ে ফেলুন।

লেবুর রসের জাদু : সাদা কাপড়ের উজ্জ্বলতা ধরে রাখতে কাপড় ভেজানোর সময় ডিটারজেন্টের সঙ্গে এক বা দুই কাপ লেবুর রস মিশিয়ে দিন। এটি প্রাকৃতিক ব্লিচের কাজ করে।

কড়া রোদ ও নীলের ব্যবহার : সাদা কাপড় সবসময় কড়া রোদে শুকানো উচিত, এতে কাপড়ের ঔজ্জ্বল্য বাড়ে। আর কাপড়ে নীল ব্যবহারের সময় খেয়াল রাখুন নীল যেন পানিতে পুরোপুরি মিশে যায়, অন্যথায় কাপড়ে ছোপ ছোপ নীল দাগ বসে যাবে। প্রকৃতির রুদ্ররূপকে মেনে নিয়েই আমাদের মেতে উঠতে হবে জীবনের ছন্দে। আর তাই এই তপ্ত গ্রীষ্মে নিজেকে শীতল, প্রাণবন্ত ও রুচিশীল রাখতে সাদার চেয়ে উত্তম সঙ্গী আর কেউ হতে পারে না। এই গরমে তবে হোক সাদারই জয়গান!