ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সার্ভাররুমে আগুন

ওসমানীতে ম্যানুয়ালি ইমিগ্রেশনে যাত্রীসেবা বিলম্বিত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৪:২৬ এএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভাররুমে অগ্নিকা-ের ঘটনায় কার্যক্রম ম্যানুয়ালি পরিচালনা করা হয়। গতকাল সোমবার সকাল থেকে ম্যানুয়ালি কাজ চলে বলে নিশ্চিত করেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। তিনি বলেন, ইমিগ্রেশন সার্ভাররুমে অগ্নিকা- হলেও সোমবার সকাল থেকে ম্যানুয়ালি কাজ করা হয়। ম্যানুয়ালি কাজ করতে গিয়ে কিছুটা বিলম্ব হলেও যাত্রীদের সেবা দেওয়া হচ্ছে। তবে ফ্লাইট অপারেশনে কোনো ব্যাঘাত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য ঢাকা থেকে ইমিগ্রেশন অফিসের দায়িত্বশীলরা আসবেন।

এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।

ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ইমিগ্রেশন সার্ভার আগুনে পুড়ে যাওয়ায় ইমিগ্রেশন পুলিশকে সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ঢাকা অফিসে যোগাযোগ করে তা সমাধান করা হচ্ছে।

তবে অগ্নিকা-ের ঘটনায় সার্ভাররুমে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য কেউ জানাতে পারেনি। ধারণা করা হচ্ছে, প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল ঘুরে মনে হয়েছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত শেষে বলা সম্ভব। তিনি আরও জানান, বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্তরা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাননি।