ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

‘এগিয়ে যাও (ভামোস) আর্জেন্টিনা’

মেসির আবেগঘন বার্তা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০১:১৬ এএম

আমেরিকার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ^কাপ ফাইনালের শেষ বাঁশি যখন বাজবে, লিওনেল মেসির জীবনে বড় কোনো পরিবর্তন হবে না। আর্জেন্টিনা জিতলেও না, আর্জেন্টিনা হারলেও না। কারণ লিওনেল মেসির সব দেখা হয়ে গেছে। বিশ্বকাপ ফাইনাল হেরে দেখেছেন, বিশ্বকাপ ফাইনাল জিতেও দেখেছেন। ফাইনালের শেষ বাঁশি বাজার পর বেদনায় নীল হওয়ার অভিজ্ঞতার পাশাপাশি আনন্দ-উচ্ছ্বাসে ভেসে যাওয়ার স্মৃতিও রয়েছে।

২০২২ কাতার বিশ্বকাপেই ব্যক্তিগত অর্জনের ষোলোকলা পূর্ণ করে ফেলেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টিনাকে জিতিয়েছেন তৃতীয় বিশ্বকাপ শিরোপা। এরপর সর্বশেষ দুই কোপা আমেরিকাতেও হয়েছেন চ্যাম্পিয়ন। এরপর উপভোগের মন্ত্র নিয়ে নেমে ৩৯ বছর বয়সেই তিনি চলতি আসরে আরও বেশি ছন্দময় ও দুর্দান্ত। তাই আরেকটি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তায় মেসির কণ্ঠে তৃপ্তির সুর, এগিয়ে যাওয়ার আহ্বান।

ফাইনালের কয়েক ঘণ্টা আগে পুরো আর্জেন্টিনা দলের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। যৌথভাবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন মেসি, যাকে তার সম্ভাব্য শেষ আসর বলে ধারণা করা হচ্ছে। ফাইনালের আগে যেন বিদায়েরই প্রচ্ছন্ন বার্তা শোনা গেল তার লেখায়, সেখানে তিনি লিখেছেন, ‘এত বছরের সবচেয়ে সুন্দর বিষয়টি শুধু ট্রফি জেতা ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল অসাধারণ। এই দলটার সঙ্গে প্রতিদিন সময় কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।’

সতীর্থ, কোচিং স্টাফ ও দলের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি আরও লিখেছেন, ‘ধন্যবাদ আমার সব সতীর্থকে, কোচিং স্টাফকে ও সেসব মানুষকে, যারা এই জাতীয় দলটাকে একটি পরিবারের মতো আগলে রাখতে দিনরাত পরিশ্রম করেছেন।’ ফাইনাল নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার রাতে করা পোস্টে মেসি লিখেছেন, ‘আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দলটি ইতিমধ্যেই এমন এক ইতিহাস তৈরি করে ফেলেছে, যা আমরা কোনো দিন ভুলব না এবং কেউ কোনো দিন মুছেও ফেলতে পারবে না। এগিয়ে যাও, আর্জেন্টিনা।’

বিশ্বকাপে মেসির সময়টা যেন স্বপ্নের মতোই কাটছে। ৮ গোল ও ৪ অ্যাসিস্ট ৩৯ বছর বয়সি এই তারকার নেতৃত্বেই আর্জেন্টিনা উঠেছে বিশ্বকাপের ফাইনালে।

ফাইনালের আগের রাতে মেসির নেতৃত্বে পুরো আর্জেন্টিনা দল শেষবারের মতো একটি ছবি তোলে। যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অধিনায়ক নিজেই। ছবিতে মেসির পাশে ছিলেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। এ ছাড়া খেলোয়াড়, কোচিং স্টাফ, চিকিৎসক, কিটম্যান, রাঁধুনি, সহায়ক কর্মী এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াসহ পুরো প্রতিনিধি। দলের অন্য খেলোয়াড়রাও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে মেসির আবেগঘন বার্তা।