যুগপৎ আন্দোলনের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রক্ষমতায় আসার পর এবার শরিক দলগুলোকে নিয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই রাজনৈতিক সমীকরণের দিকে এগোচ্ছে বিএনপি। আন্দোলন-সংগ্রামের কঠিন দিনগুলোতে পাশে থাকা রাজনৈতিক শক্তিগুলোকে শুধু নির্বাচনি মিত্র হিসেবে নয়, বরং রাষ্ট্র পরিচালনার অংশীদার হিসেবে মূল্যায়ন করতে চায় দলটির হাইকমান্ড। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই গতকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে আয়োজিত এই নৈশভোজকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকার গঠনের পর শরিকদের সঙ্গে সম্পর্কের গভীরতা তৈরি এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নে পারস্পরিক আস্থা বাড়াতে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আন্দোলন সফল করার পর ক্ষমতার সুষম বণ্টন এবং নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ‘জাতীয় সরকার’ গঠনের পথে এটি একটি বড় আনুষ্ঠানিক অগ্রগতি হতে পারে।
নৈশভোজের রাজনৈতিক বার্তা ও ক্ষমতার অংশীদারিত্ব
বিএনপির দলীয় সূত্রগুলো বলছে, এই নৈশভোজ শুধু একটি সৌজন্য সাক্ষাৎ বা আনুষ্ঠানিকতা নয়। এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার সুনির্দিষ্ট বার্তা। দীর্ঘ সময় ধরে রাজপথে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে দলগুলো বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, তাদের মনে যেন কোনো ধরনের দূরত্ব বা উপেক্ষার অনুভূতি তৈরি না হয়, সে ব্যাপারে শুরু থেকেই সতর্ক দলের নীতিপ্রাধান্য ব্যক্তিরা।
আস্থার সম্পর্ক জোরালো করা
ক্ষমতায় আসার পর অনেক সময়ই দেখা যায়, বড় দলগুলো ছোট শরিকদের ভুলে যায়। বিএনপি এবার সেই সনাতন ধারা থেকে বেরিয়ে আসতে চায়। শরিকদের এই বার্তা দেওয়া হচ্ছে যে, রাজপথের মতো রাষ্ট্র পরিচালনাকালেও তাদের সমান গুরুত্ব দেওয়া হবে।
ক্ষমতার সুষম বণ্টন
যুগপৎ আন্দোলনের অন্যতম প্রধান ভিত্তি ছিল নির্বাচন-পরবর্তী ‘জাতীয় সরকার’ গঠন। বিএনপি স্পষ্ট করতে চায় যে, তারা এককভাবে রাষ্ট্র পরিচালনার চেয়ে আন্দোলনের অংশীজনদের সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বা ‘ইনক্লুসিভ’ প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর।
ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা
নতুন সরকারের সামনে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ভেঙে পড়া প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্গঠনের বিশাল চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো এককভাবে কোনো দলের পক্ষে মোকাবিলা করা কঠিন। তাই শরিকদের রাজনৈতিক সমর্থন ধরে রাখা বিএনপির জন্য অত্যন্ত জরুরি।
জাতীয় সরকার ও সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা
নির্বাচনের আগেই বিএনপির পক্ষ থেকে ৩১ দফার যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছিল, তাতে স্পষ্টভাবে একটি ‘জাতীয় ঐকমত্যের সরকার’ গঠনের কথা বলা হয়েছিল। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে শরিক দলগুলোর শীর্ষ নেতাদের আশ্বস্ত করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান।
শরিকদের ত্যাগ ও রাজপথের অবদান মূল্যায়ন
এসব বিষয়ে বিএনপির একাধিক নীতিনির্ধারক শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বেশ কিছু বিষয়ে ইঙ্গিত দিয়ে দৈনিক রূপালী বাংলাদেশকে জানান, শরিক দলগুলোর আকার বা সংসদীয় আসনসংখ্যা যা-ই হোক না কেন, তাদের ত্যাগ ও রাজপথের অবদানকে মূল্যায়ন করা হবে। সূত্র মতে, মন্ত্রিসভায় শরিক দলগুলোর যোগ্য ও অভিজ্ঞ নেতাদের অন্তর্ভুক্ত করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থায় তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটি খসড়া পরিকল্পনা নিয়ে এখনো কাজ চলছে। আজকের যমুনার বৈঠকটি মূলত সেই পরিকল্পনারই একটি প্রাথমিক ও নীতিগত আলোচনা।
শরিকদের বাদ দিয়ে বিএনপি দেশ পরিচালনার কথা ভাবে না
শরিক দলগুলোর সঙ্গে বিএনপির বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে, সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বিশ্বাস করি, সরকার গঠনের এই বিজয় শুধু বিএনপির একক বিজয় ছিল না। এটি দেশের গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল, ছাত্র-জনতা এবং সাধারণ মানুষের সম্মিলিত ত্যাগের ফসল। আমরা যখন ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে রাজপথে রক্ত দিচ্ছিলাম, তখন আমাদের শরিক দলগুলো বুক চিতিয়ে লড়াই করেছে। সুতরাং সরকার গঠনের পর তাদের বাদ দিয়ে দেশ পরিচালনার কথা বিএনপি কখনোই ভাবছে না।
তিনি আরও যোগ করেন, আমাদের নেতা তারেক রহমান সব সময় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাজনীতির কথা বলে আসছেন। আজকের এই নৈশভোজ মূলত সেই অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ। শরিকদের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। ৩১ দফার ভিত্তিতে আমরা যে রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার করেছিলাম, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। শরিক দলগুলোর নেতাদের পরামর্শ ও মেধা রাষ্ট্র পরিচালনায় আমাদের পথ দেখাবে।
বিএনপি ক্ষমতার একচেটিয়া নিয়ন্ত্রণে বিশ্বাসী নয়
শরিকদের মূল্যায়ন ও রাষ্ট্র পরিচালনার কৌশলগত দিক নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বিএনপি ক্ষমতার একচেটিয়া নিয়ন্ত্রণে বিশ্বাসী নয়।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বাংলাদেশ এক নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিভেদ বা অবিশ্বাস দেশের বড় ক্ষতি করতে পারে। আমরা শরিক দলগুলোকে ক্ষমতার অংশীদার করতে চাই, কারণ তারা রাজপথের পরীক্ষিত বন্ধু। শুধু মন্ত্রণালয় বণ্টন নয়, নীতিনির্ধারণী প্রতিটি পদক্ষেপে তাদের মতামতকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে, একটি জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে প্রতিটি শরিক দলের আত্মমর্যাদা ও অবদান সুরক্ষিত থাকবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শরিকদের ত্যাগকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্র পরিচালনায় যুক্ত করার যে মানসিকতা দেখিয়েছেন, তা দেশের ইতিহাসে এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করবে। আজকের এই বৈঠক থেকে শরিক দলগুলো এক সুনির্দিষ্ট ও ইতিবাচক বার্তা পাবে, যা আমাদের ঐক্যকে আরও দীর্ঘস্থায়ী ও শক্তিশালী করবে।
শরিক দলগুলোর প্রত্যাশা ও ভবিষ্যৎ পথচলা
যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর মধ্যেও এই নৈশভোজ নিয়ে ইতিবাচক সাড়া দেখা গেছে। জোটের শরিক দলগুলোর একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, ক্ষমতায় আসার পর বিএনপির পক্ষ থেকে এই ধরনের দ্রুত ও আন্তরিক উদ্যোগ তাদের আশাবাদী করে তুলেছে। তবে একই সঙ্গে তারা আশা করেন, অতীতের জোট সরকারগুলোর মতো যেন শুধু বড় দলটির আধিপত্য বজায় না থাকে। ক্ষমতার প্রকৃত অংশীদারিত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ছোট দলগুলোর কণ্ঠস্বর যেন হারিয়ে না যায়, সেদিকে সতর্ক নজর রাখার তাগিদ দিয়েছেন তারা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা হলো শরিকদের কাক্সিক্ষত মূল্যায়ন নিশ্চিত করা এবং একই সঙ্গে নিজেদের দলের অভ্যন্তরে ক্ষমতার আকাক্সক্ষাকে সামাল দেওয়া। শরিকদের বড় অংশ দিতে গেলে দলের ভেতর থেকে কোনো অসন্তোষ তৈরি হয় কি না, তা-ও বিএনপি হাইকমান্ডকে দক্ষতার সঙ্গে সামলাতে হবে।
জানা গেছে, বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের পূর্বে জাতীয় সরকার নিয়ে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিসহ নানা ইস্যুতে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে অনেক দলের অসন্তুষ্টি রয়ে গেছে। সেসব বিষয়ও বৈঠকে উঠে আসছে। তবে এই বৈঠকে যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে করণীয় বিষয়েও নেতারা কথা বলেছেন বলে জানা গেছে।
এই বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রেসসচিব আতিকুর রহমান রুমন আরও জানান, ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে একসঙ্গে অংশ নেওয়া শরিক দলগুলোর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে এই নৈশভোজের আয়োজন। প্রেসসচিব রুমন বলেন, অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের শরিক বিভিন্ন রাজনৈতিক দলের দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া জোট ও দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের পর শরিকদের সঙ্গে সম্পর্ক আরও সুসংহত করার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন