দৈনন্দিন যোগাযোগ, অফিসের কাজ বা বিভিন্ন অনলাইন সেবায় নিবন্ধনের জন্য জিমেইল ব্যবহার করেন অনেকেই। আর তাই প্রয়োজনীয় ই-মেইলের পাশাপাশি ইনবক্সে জমতে থাকে বিপুল পরিমাণ অপ্রয়োজনীয় ই-মেইল। এর মধ্যে থাকে স্প্যাম, প্রচারণামূলক বার্তা। এমনকি মেইলবম্বিংয়ের মতো সাইবার হামলাও হয়ে থাকে। ফলে গুরুত্বপূর্ণ ই-মেইল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে এবং একই সঙ্গে বাড়ে নিরাপত্তাঝুঁকি। অনলাইনে নিরাপদ থাকতে স্প্যাম মেইল শনাক্তের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ই-মেইল নিয়ন্ত্রণের উপায় জেনে নেওয়া যাক।
অপ্রাসঙ্গিক বা সন্দেহজনক ই-মেইলগুলো স্প্যাম হিসেবে চিহ্নিত করে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ইনবক্স থেকে সরিয়ে আলাদা ফোল্ডারে রাখতে হবে। এ জন্য কম্পিউটার থেকে এক বা একাধিক ই-মেইল নির্বাচন করে ‘রিপোর্ট স্প্যাম’ অপশনে ক্লিক করতে হবে।

