সোশ্যাল মিডিয়া ও ইমেজ বুকমার্কিং প্ল্যাটফর্ম পিন্টারেস্ট ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সঙ্গে তাদের অংশীদারিত্ব আরও বাড়িয়েছে। এখন থেকে কনটেন্ট ক্রিয়েটররা তাদের ‘অ্যামাজন স্টোরফ্রন্ট’ সরাসরি পিন্টারেস্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারবেন। এর ফলে ক্রিয়েটররা তাদের শেয়ার করা বিভিন্ন প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক থেকে খুব সহজেই বাড়তি আয় করার সুযোগ পাবেন।
ক্রিয়েটরদের আকর্ষণ করতে নতুন কৌশল
ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এবং ফেসবুকের মতো বড় বড় প্ল্যাটফর্মে ক্রিয়েটররা দীর্ঘদিন ধরে অ্যাফিলিয়েট বিজনেস করে আসছেন। এবার সেই বাজারের পরিধি নিজেদের দিকে টানতে এই বড় পদক্ষেপ নিল পিন্টারেস্ট। প্রতিষ্ঠানটির দাবি, তাদের ব্যবহারকারীদের অর্ধেকেরও বেশি মানুষ মূলত কেনাকাটার উদ্দেশ্যে বা নতুন কোনো আইডিয়া খুঁজতে পিন্টারেস্টে আসেন এবং এখানে প্রতি মাসে ৮০ বিলিয়নেরও বেশি সার্চ করা হয়।
স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে অ্যাফিলিয়েট লিংক
নতুন এই ফিচারের ফলে ক্রিয়েটরদের জন্য পণ্য প্রমোট করার কাজটি একদম সহজ হয়ে যাবে। পিন্টারেস্টের নতুন টুলের মাধ্যমে একবার অ্যামাজন স্টোরফ্রন্ট অ্যাকাউন্টটি যুক্ত করে নিলে, পরবর্তীতে ক্রিয়েটররা কোনো উপযুক্ত অ্যামাজন প্রোডাক্ট ট্যাগ করলেই তাদের নিজস্ব অ্যাফিলিয়েট লিংকটি স্বয়ংক্রিয়ভাবে সেখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এ ছাড়া এই স্টোরফ্রন্টগুলো ক্রিয়েটরদের পিন্টারেস্ট প্রোফাইলে আলাদাভাবে প্রদর্শিত হবে, যার ফলে অনুসারীরা একটি একক ‘পিন’ বা ‘বোর্ড’-এর বাইরেও তাদের সব রেকমেন্ডেশন একসঙ্গে দেখতে পাবেন।
অ্যামাজন ও গুগলের সঙ্গে বিজ্ঞাপন চুক্তি
অ্যামাজন এবং পিন্টারেস্টের এই পথচলা নতুন নয়। ২০২৩ সালে তারা একটি বহু বছর মেয়াদি বিজ্ঞাপন চুক্তি করেছিল, যার অধীনে পিন্টারেস্টের প্রথম থার্ড-পার্টি বিজ্ঞাপন পার্টনার হয় অ্যামাজন। এরপর ২০২৪ সালে টেক জায়ান্ট গুগলের সঙ্গেও একই ধরনের একটি বিজ্ঞাপন চুক্তি করে পিন্টারেস্ট। নিজেদের জনপ্রিয় এই প্ল্যাটফর্ম থেকে আশানুরূপ রাজস্ব বা আয় জেনারেট করতে বেশ কিছুদিন ধরে যে চেষ্টা পিন্টারেস্ট করছিল, এই নতুন পার্টনারশিপ তারই একটি বড় অংশ।
কৃত্রিম কনটেন্টের ভিড় সরানোর চেষ্টা
গত এক বছর ধরে পিন্টারেস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-জেনারেটেড কনটেন্টের পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে, যা নিয়ে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে একে ‘এআই সেøাপ’ বা মানহীন কনটেন্ট হিসেবে আখ্যা দিয়েছেন। যদিও গত বছর এই সমস্যা নিয়ন্ত্রণে কিছু টুল আনা হয়েছিল, তবে লেবেল ছাড়া এআই কনটেন্ট পুরোপুরি থামানো সম্ভব হয়নি। পিন্টারেস্ট আশা করছে, বাস্তব জীবনের আসল ক্রিয়েটরদের এই স্টোরফ্রন্ট সুবিধা দেওয়ার মাধ্যমে প্ল্যাটফর্মের হারানো সুনাম আবার ফিরে আসবে এবং মানুষ আসল ও নির্ভরযোগ্য পণ্যের আইডিয়া পাবে।
ভবিষ্যতে যুক্ত হবে আরও পার্টনার
আপাতত কেবল অ্যামাজনের মাধ্যমেই এই ফিচারটি শুরু করা হচ্ছে। তবে পিন্টারেস্ট জানিয়েছে, খুব শীঘ্রই তারা অন্যান্য ই-কমার্স পার্টনারদেরও এই স্টোরফ্রন্ট লিংকিং সুবিধার আওতায় নিয়ে আসবে, যাতে ক্রিয়েটর এবং শপারÑ উভয় পক্ষই আরও বেশি উপকৃত হতে পারেন।

