ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

বিএনপি নেতাকর্মীদের পিটুনিতে যুবলীগ নেতা নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:৩৬ এএম

যশোরের চৌগাছায় রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল রানা (৪০) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা ওই ইউনিয়নের যুবলীগের সদস্য ছিলেন এবং মুক্তদাহ গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। এ ঘটনায় তার স্ত্রী মায়া খাতুন (৩৫) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে জুয়েল রানা স্থানীয় ইউপি সদস্য ও পাতিবিলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম এবং বিএনপির প্রধান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে নজরুল মেম্বারের নেতৃত্বে পাঁচ-ছয় ব্যক্তি জুয়েল রানার বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে যান। পরে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের মুক্তদাহ মোড়ে তাকে মারধর করা হয়। মারধরে তার দুই পায়ের হাঁটু নিচের অংশ ভেঙে যায় এবং শরীরে গুরুতর জখম হয়। এ সময় স্বামীকে রক্ষা করতে গিয়ে স্ত্রী মায়া খাতুনও আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় জুয়েল রানাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

নিহতের স্ত্রী মায়া বেগম জানান, জুয়েল রানা সকাল সাড়ে ৯টার দিকে মুক্তদাহ মোড়ে চা খাওয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে মেম্বার নজরুল ইসলামের নেতৃত্বে বাবু, সুমন, ইদ্রিস আলী, ইদ্রিস আলীর ছেলে নাহিদসহ ৮-১০ জন হামলা চালায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে তাকে বেঁধে রেখে দুর্বৃত্তরা নির্যাতন চালিয়ে তার স্বামী জুয়েল রানাকে হত্যা করে।

স্থানীয়রা জানান, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি এলাকা ছেড়ে পালিয়েছিলেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর তিনি এলাকায় ফেরেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে।

পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল জানান, নিহত জুয়েল রানার বিরুদ্ধে অতীতে বিএনপির নেতাকর্মীদের হয়রানির অভিযোগ ছিল। বর্তমানে তিনি এলাকায় ফিরে আবার নানা মন্তব্য করছিলেন। তিনি আওয়ামী লীগের সন্ত্রাসী প্রকৃতির লোক।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ জানান, মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।