ফুটবল নিয়ে আর্জেন্টিনার উন্মাদনা বরাবরই সব দেশের থেকে আলাদা। তাদের কাছে ফুটবল কেবল খেলা নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। ২০২২ সালের বিশ^কাপজয়ী দেশটিতে তাই প্রতি পরতে পরতে মিশে আছে ফুটবল। আর তাদের খেলা দেখতেই যুক্তরাষ্ট্র পাড়ি জমাতে চেয়েছিলেন অসংখ্য আর্জেন্টাইন। কিন্তু নানা জটিলতায় যারা ভিসা পাননি তাদের মধ্য থেকে প্রথম ১০০ জনকে বিনা মূল্যে টেলিভিশন দিচ্ছে আর্জেন্টাইন কোম্পানি নোবলেক্স।
আর্জেন্টাইন স্থানীয় কোম্পানি নোবলেক্সের কর্ণধার নিউসান ঘোষণা দেন, ‘যারা ভিসা পাননি তারা যদি বুধবার সকালে সবার আগে সব বৈধ ডকুমেন্টসসহ আমাদের শোরুমে আসেন তা হলে তাদের মধ্য থেকে প্রথম ১০০ জনকে আমরা বিনা মূল্যে টেলিভিশন উপহার দিব যাতে তারা খেলা দেখতে পারেন।’
বিনা মূল্যে টেলিভিশন পেয়েছেন ভাগ্যবান বিজয়ী আর্জেন্টিনার ভিডিও গেমার টমাস ভাগলার। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি ভিসার জন্য দাঁড়িয়েছিলাম। আমরা সবাই ভাবছি এটাই মেসির শেষ বিশ^কাপ। এটা খুব দুঃখজনক যে আমি সামনাসামনি দেখতে পাব না। কিন্তু আমি টেলিভিশন পুরস্কার পেয়েছি, এতেই খুশি।’

