ফ্রিল্যান্সিং এমন একটি পেশা, যেখানে মূল সম্পদ হলো দক্ষতা। তাই শুরুতেই সিদ্ধান্ত নিতে হবে কোন বিষয়ে কাজ করবেন। একসঙ্গে অনেক কিছু শেখার চেষ্টা না করে একটি নির্দিষ্ট বিষয়ের ওপর দক্ষতা অর্জন করাই সবচেয়ে কার্যকর। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ তৈরি, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, থ্রিডি মডেলিং, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), কনটেন্ট রাইটিং, কপিরাইটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডেটা অ্যানালাইসিস, সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)Ñ ভিত্তিক সেবার চাহিদা সবচেয়ে বেশি।
দক্ষতা নির্বাচনের পর অন্তত তিন থেকে ছয় মাস নিয়মিত অনুশীলন করতে হবে। শুধু ভিডিও দেখে শেখা নয়, বাস্তব প্রজেক্ট তৈরি করতে হবে। যেমন একজন গ্রাফিক ডিজাইনারকে অন্তত ২০-৩০টি লোগো, পোস্টার বা ব্যানার ডিজাইন করে একটি পোর্টফোলিও তৈরি করতে হবে। একজন ওয়েব ডেভেলপারকে কয়েকটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করে নিজের কাজ প্রদর্শন করতে হবে। একইভাবে কনটেন্ট রাইটারকে বিভিন্ন বিষয়ের লেখা, ভিডিও এডিটরকে সম্পাদিত ভিডিও এবং ডিজিটাল মার্কেটারকে সফল প্রচারণার নমুনা সংরক্ষণ করতে হবে। এরপর আন্তর্জাতিক মানের একটি পোর্টফোলিও তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ক্লায়েন্ট প্রথমেই আপনার ডিগ্রি নয়, আপনার কাজ দেখতে চান। নিজের সেরা কাজগুলো সুন্দরভাবে সাজিয়ে অনলাইনে প্রকাশ করতে হবে, যাতে ক্লায়েন্ট সহজেই আপনার দক্ষতা মূল্যায়ন করতে পারেন। পোর্টফোলিও প্রস্তুত হলে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে পেশাদার প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইলে নিজের দক্ষতা, অভিজ্ঞতা, ব্যবহৃত সফটওয়্যার, ভাষাজ্ঞান এবং কাজের নমুনা পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। একটি আকর্ষণীয় প্রোফাইল ছবি, সংক্ষিপ্ত পরিচিতি এবং নির্ভুল তথ্য নতুন ক্লায়েন্টের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুধু প্রোফাইল তৈরি করলেই কাজ পাওয়া যায় না। প্রতিদিন নিয়মিতভাবে উপযুক্ত প্রকল্পে আবেদন করতে হয়। আবেদন করার সময় একই ধরনের লেখা সবার কাছে পাঠানো উচিত নয়। প্রতিটি ক্লায়েন্টের চাহিদা বুঝে আলাদা প্রস্তাব লিখতে হবে। সেখানে বোঝাতে হবে কেন আপনি সেই কাজের জন্য উপযুক্ত এবং কীভাবে সমস্যার সমাধান করবেন। প্রথম দিকে ছোট বাজেটের কাজ গ্রহণ করলেও সমস্যা নেই। কারণ শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো রিভিউ ও ক্লায়েন্টের আস্থা অর্জন। কয়েকটি সফল কাজ শেষ হওয়ার পর ধীরে ধীরে বড় প্রকল্প এবং বেশি পারিশ্রমিকের কাজ পাওয়ার সুযোগ তৈরি হয়।
ফ্রিল্যান্সারের দৈনন্দিন অভ্যাস
সফল ফ্রিল্যান্সাররা প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করেন। তারা নতুন প্রযুক্তি শেখেন, আন্তর্জাতিক বাজারের পরিবর্তন সম্পর্কে জানেন এবং নিয়মিত নিজেদের দক্ষতা উন্নত করেন। প্রতিদিন অন্তত এক থেকে দুই ঘণ্টা নতুন কিছু শেখা, পুরোনো কাজ বিশ্লেষণ করা এবং নতুন প্রজেক্ট তৈরির অভ্যাস দীর্ঘমেয়াদে বড় সাফল্য এনে দেয়।
ক্লায়েন্টের সঙ্গে সময়মতো যোগাযোগ করা, নির্ধারিত সময়ের আগে কাজ জমা দেওয়া এবং প্রয়োজনে কাজ সংশোধন করে দেওয়া একজন পেশাদার ফ্রিল্যান্সারের অন্যতম বৈশিষ্ট্য। ভালো যোগাযোগ দক্ষতা অনেক সময় প্রযুক্তিগত দক্ষতার মতোই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
আয়ের পর করণীয়
ফ্রিল্যান্সিং থেকে আয় শুরু হলে সেটিকে পরিকল্পিতভাবে পরিচালনা করতে হবে। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ দেশে আনতে হবে, প্রয়োজনীয় আর্থিক ও কর-সংক্রান্ত নিয়ম মেনে চলতে হবে এবং আয়ের একটি অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে। পাশাপাশি উন্নত কম্পিউটার, দ্রুতগতির ইন্টারনেট, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা এবং নতুন সফটওয়্যার কেনার মতো পেশাগত বিনিয়োগেও গুরুত্ব দিতে হবে। সবচেয়ে বড় কথা, ফ্রিল্যান্সিং কোনো দ্রুত ধনী হওয়ার পথ নয়। এটি এমন একটি পেশা, যেখানে ধৈর্য, নিয়মিত অনুশীলন, আন্তর্জাতিক মানের দক্ষতা এবং পেশাদার আচরণই দীর্ঘমেয়াদি সাফল্যের চাবিকাঠি। যে ব্যক্তি শেখার আগ্রহ ধরে রাখতে পারবেন এবং প্রতিদিন নিজেকে উন্নত করবেন, তিনিই বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারবেন।
লেখক : কো ফাউন্ডার ই-ফ্রিলান্সিং ডট কম

