ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

মেড বাই গুগলে পিক্সেল ১১

ইনফোটেক ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:১৫ এএম

গুগল আগামী ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাদের বহুল প্রতীক্ষিত ‘মেড বাই গুগল’ ইভেন্ট আয়োজন করবে। প্রতিবছরের মতো এবারও নতুন হার্ডওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি উন্মোচনের আশা করছেন প্রযুক্তিপ্রেমীরা। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নতুন পিক্সেল ১১ স্মার্টফোন সিরিজ।

বিভিন্ন ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, পিক্সেল ১১ সিরিজে ডিজাইনে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। নতুন সোনালি রঙের সংস্করণের পাশাপাশি বেস মডেলে আরও পাতলা বেজেল এবং নতুন কালো ক্যামেরা বার থাকতে পারে। পিক্সেল ১১ প্রো আগের মডেলের তুলনায় আরও পাতলা হতে পারে। এ ছাড়া পিক্সেল ১১ প্রো ফোল্ড-এ নতুন ক্যামেরা বাম্প, হালকা নকশা এবং উন্নত ভাঁজযোগ্য ডিজাইন যোগ হওয়ার গুঞ্জন রয়েছে। তবে সম্ভাব্য একটি পরিবর্তন ব্যবহারকারীদের জন্য সুখবর নাও হতে পারে। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল নতুন সিরিজে ১২৮ গিগাবাইট স্টোরেজ সংস্করণ বাদ দিয়ে ২৫৬ গিগাবাইট থেকেই বিক্রি শুরু করতে পারে। এতে ফোনগুলোর প্রারম্ভিক দাম আগের তুলনায় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের ‘মেড বাই গুগল’ ইভেন্টে প্রতিষ্ঠানটি পিক্সেল ১০ সিরিজ, নতুন এআই সুবিধা, একটি ফোল্ডেবল স্মার্টফোন, পিক্সেল ওয়াচ ৪ এবং দ্বিতীয় প্রজন্মের এ-সিরিজ ইয়ারবাড উন্মোচন করেছিল। এবারও নতুন স্মার্টফোনের পাশাপাশি এআইনির্ভর সফটওয়্যার ফিচার, পরিধানযোগ্য ডিভাইস এবং অন্যান্য হার্ডওয়্যার নিয়ে চমক দেওয়ার সম্ভাবনা রয়েছে।