ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রামের একটি বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার প্রত্যাহার করেছে মেটা। এই ফিচারের মাধ্যমে পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকা ছবি রেফারেন্স হিসেবে ব্যবহার করে এআই প্রযুক্তির সাহায্যে নতুন ছবি তৈরি করা যেত। তবে যার ছবি ব্যবহার করা হতো, তাকে এ বিষয়ে কোনো ধরনের নোটিফিকেশন দেওয়া হতো না বা আগাম অনুমতিও নেওয়া হতো না। তাদের আশঙ্কা ছিল, এই সুবিধা ব্যবহার করে কারও সম্মতি ছাড়াই ভুয়া, বিভ্রান্তিকর বা আপত্তিকর ছবি তৈরি করা হতে পারে। বিশেষ করে ডিপফেক ও পরিচয় জালিয়াতির ঝুঁকি আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন তারা।
সমালোচনার মুখে মেটা এক বিবৃতিতে জানায়, ফিচারটি ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং এটি চালুর উদ্দেশ্য সফল হয়নি। তাই ব্যবহারকারীদের মতামত ও প্রতিক্রিয়া বিবেচনা করে ফিচারটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে এআইভিত্তিক বিভিন্ন সেবা চালু করতে গিয়ে গোপনীয়তা ও কপিরাইট–সংক্রান্ত প্রশ্নের মুখে পড়ছে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ইনস্টাগ্রামের এই ফিচার প্রত্যাহারও সেই বিতর্কেরই সর্বশেষ উদাহরণ। ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তি ব্যবহারে ব্যবহারকারীর সম্মতি, স্বচ্ছতা এবং নিরাপত্তার বিষয়গুলো আরও গুরুত্ব পাবে বলেই মনে করছেন তারা।

