চলতি বিশ্বকাপের শেষ ষোলোর সেই রুদ্ধশ্বাস আর্জেন্টিনা-মিশর ম্যাচ শেষ হয়েছে বেশ কিছুদিন হয়েছে। কিন্তু মাঠের সেই উত্তাপ আর বিতর্ক যেন থামার কোনো লক্ষণই নেই! আলবিসেলেস্তেদের বিপক্ষে জোড়া গোল করে (যার একটি ভিএআরের কারণে বাতিল হয়) লাইমলাইটে আসা মিশরের উইঙ্গার মোস্তফা জিকো এবার নতুন এক বোমা ফাটিয়েছেন। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা (এ.ঙ.অ.ঞ) বিতর্কে নিজের রায় দিতে গিয়ে লিওনেল মেসিকে সেরার স্বীকৃতি দিলেও তার চেয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে এগিয়ে রেখেছেন তিনি। শুধু তাই নয়, মাঠে আর্জেন্টিনার জাদুকরকে তিনি বেশির ভাগ সময় পাত্তাই দেননি বলে দাবি করেছেন!
শেষ ষোলোর সেই থ্রিলারে শুরুতে ইয়াসের ইব্রাহিম ও মোস্তাফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে রূপকথার জন্ম দিচ্ছিল মিশর। তবে শেষ ১৩ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজের গোলে নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে নিজের ফুটবল-দর্শন তুলে ধরে জিকো বলেন, ‘আমার কাছে মেসি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়, তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পরে। কারণ আমি রোনালদোকে খুব ভালোবাসি। তাই আমি বিষয়গুলো ওই দৃষ্টিভঙ্গি থেকেই দেখি।’
শুধু রোনালদোকে এগিয়ে রাখাই নয়, মেসির মাঠের পারফরম্যান্স নিয়ে রীতিমতো খোঁচা দিতে ছাড়েননি এই মিশরীয় ফরোয়ার্ড। জিকোর দাবি, ‘আমি যখন মাঠে ছিলাম, সত্যি বলতে মেসির উপস্থিতিই অনুভব করিনি। গোল করার পর সে অসাধারণ ছিল। কিন্তু আমি শপথ করে বলতে পারি, মাঝমাঠে ৮০ মিনিট আমি তাকে টেরই পাইনি। মনে হয়নি আমরা মেসির বিপক্ষে খেলছি।’
মেসিকে নিয়ে এমন মন্তব্য করলেও পুরো ম্যাচটি নিয়ে ‘ময়নাতদন্ত’ চলছে এখনো রেফারিং বিতর্কের কারণে। প্রথমার্ধে জিকোর একটি দুর্দান্ত গোল বাতিল করে দেন রেফারি, যার বিল্ডআপে প্রায় ১০০ গজ দূরে একটি সামান্য ফাউল খুঁজে পায় ভিএআর। এরপর মোহাম্মদ সালাহ ডি-বক্সে ফাউলের শিকার হলেও পেনাল্টি পায়নি মিশর। এই ‘দ্বৈত মানদ-’ বা ডাবল স্ট্যান্ডার্ড রেফারিংয়ের বিরুদ্ধে এরই মধ্যে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।
তবে জিকো যেন রেফারির ওপর ক্ষোভ সামলাতে পারলেন না। কান্নাজড়িত কণ্ঠে সরাসরি টুর্নামেন্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘রেফারি ন্যায়সংগত ছিলেন না। অবিচারটা স্পষ্ট ছিল। আর্জেন্টিনাকে হারানোর জন্য ২-০ ব্যবধানও যথেষ্ট নয়। পরিষ্কার বোঝা যাচ্ছে, এই টুর্নামেন্ট আর্জেন্টিনার জন্যই সাজানো হয়েছে।’
অবশ্য জিকোর এই বিস্ফোরক দাবির বিপরীতে টুর্নামেন্টের পরিসংখ্যান কথা বলছে মেসির পক্ষে। এই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল, অ্যাসিস্ট, ড্রিবল আর বল কন্ট্রোলÑ সবখানেই রাজত্ব করছেন মেসি। অন্যদিকে, জিকোর আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদো আসরে তিনটি গোল করলেও তার দল পর্তুগাল শেষ ষোলোয় চিরপ্রতিদ্বন্দ্বী স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে।

