হোয়াটসঅ্যাপে যুক্ত বন্ধু, স্বজন বা সহকর্মীদের জন্মদিন ভুলে যাওয়ার দিন হয়তো শেষ হতে চলেছে। ব্যবহারকারীদের জন্য ফেসবুকের মতো জন্মদিনের রিমাইন্ডার সুবিধা আনতে কাজ করছে জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, নতুন এ ফিচার চালু হলে যারা নিজেদের জন্মতারিখ যুক্ত করবেন, তাদের জন্মদিন ঘনিয়ে এলে বা নির্ধারিত দিনে পরিচিতদের কাছে স্বয়ংক্রিয়ভাবে স্মরণবার্তা দেখাবে হোয়াটসঅ্যাপ।
জানা গেছে, ফিচারটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। ফলে কবে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে মেটা বা হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে কোনো সময়সূচি জানায়নি। ফেসবুকে দীর্ঘদিন ধরেই জন্মদিনের নোটিফিকেশন দেখা যায়। তবে গোপনীয়তাকেন্দ্রিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত হোয়াটসঅ্যাপে একই ধরনের সুবিধা যুক্ত হলে ব্যবহারকারীদের মধ্যে নতুন আলোচনা তৈরি হতে পারে।
এদিকে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে নিয়মিত নতুন ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামে একটি প্রিমিয়াম সেবা চালু করা হয়েছে। এক মাসের বিনামূল্যের ট্রায়াল শেষে এ সেবা ব্যবহার করতে মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হয়। প্রিমিয়াম গ্রাহকরা সাধারণ ব্যবহারকারীদের তুলনায় অতিরিক্ত কিছু সুবিধা পান এবং অ্যাপের সেটিংস থেকেই এ সেবায় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া ফোন নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে ইউজারনেমভিত্তিক যোগাযোগ ব্যবস্থাও চালুর প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে অপরিচিত কারও সঙ্গে যোগাযোগের সময় ব্যক্তিগত মোবাইল নম্বর গোপন রেখেই বার্তা আদান-প্রদান করা যাবে।

