ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তথ্যমন্ত্রী বললেন

ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০২:২৭ এএম

একটি ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ বাংলাদেশে তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মানেই হচ্ছে সাংবাদিকদের বন্ধু অথবা সাংবাদিকদের শত্রু। সারা বাংলাদেশের সাংবাদিক সমাজকে প্রতিশ্রুতি ঘোষণা করতে চাই, আমরা একটি ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ বাংলাদেশে তৈরি করব। ফ্যামিলি কার্ডের বিষয়ে মন্ত্রী বলেন, চলতি মাস থেকেই দেশজুড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই কার্ডের মাধ্যমে শুরুতে অর্থ সহায়তা প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত করা হবে।

গতকাল শনিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতার এই পালাবদলের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সেই প্ল্যানের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাব। আমাদের সেই পরিকল্পনা হচ্ছে, আমাদের পশ্চাৎপদ নারী, আমরা তাদের ক্ষমতায়ন করতে চাই। তাদের পিছিয়ে রেখে এই কাজ চলতে পারে না। আমরা তাই ফ্যামিলি কার্ড দিতে চাই।

জহির উদ্দিন স্বপন বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করেছি। এই মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বণ্টনের কাজ শুরু করতে যাচ্ছি। বাংলাদেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবার আছে, যদি প্রতিটি পরিবারে এই কার্ড পৌঁছাতে পারি, তাহলে এই পরিবারের নারীরাই হবে এই কার্ডের মালিক। আমরা শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণের অঙ্ক দিয়ে শুরু করব, তারপর ধারাবাহিকভাবে আমরা অন্য সম্ভাবনাগুলোকে বাড়াতে থাকব।

তিনি বলেন, জলবায়ু মোকাবিলা, বেকারত্ব দূর করাসহ নানা কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হচ্ছে। তবে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হবে না যদি গণমাধ্যমকে সঠিকভাবে সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া না হয়। আমি তাই গণমাধ্যমের অভিভাবক হতে চাই। যাতে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, চলমান রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ক্যাবিনেটে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি পর্যায়ক্রমে অন্য সব কাজে হাত দেওয়া হবে।

তিনি বলেন, সারা দেশে বিশ হাজার কিলোমিটারের মতো খাল খননের পরিকল্পনা সরকারের রয়েছে। জোয়ার-ভাটায় নদী থেকে পানি কৃষকের জমি পর্যন্ত নিয়ে যেতে চাই। যাতে কৃষির উৎপাদনের পানির কোনো অভাব না ঘটে। দক্ষিণাঞ্চলের পায়রা বন্দরকে রাজধানীর সঙ্গে যুক্ত করার প্রস্তুতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সে জন্য পায়রা পর্যন্ত চার লেনের রাস্তার কাজ নতুন করে প্রক্রিয়া শুরু করতে হবে। ভোলার গ্যাস যদি পরিপূর্ণভাবে উত্তোলন করা যায়, তাহলে শুধু দক্ষিণাঞ্চল নয়, সারা দেশের সর্বোচ্চ চাহিদা আমরা পূরণ করতে পারব। পাশাপাশি জ্বালানির চাহিদা পূরণ করতে পারব।

তিনি বলেন, কুয়াকাটা আমাদের জন্য একটা বিশাল সম্পদ। যদি এটাকে আধুনিক পর্যটনকেন্দ্রে পরিণত করতে পারি এবং সরাসরি যদি বিমান চলাচলের ব্যবস্থা থাকে, তাহলে আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে পারব। এতে এই অঞ্চলের অর্থনীতি যেমন বাড়বে, তেমনি বাংলাদেশে বৈদেশিক মুদ্রা বাড়বে।

জহির উদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের সরকারের যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং জনগণের সেবা পাওয়ার যে নিশ্চয়তা তৈরি হয়েছে, এর পেছনে বাংলাদেশের মানুষের অবদান রয়েছে। আমাদের সময় দিলে নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলোকে শেষ করব।

এ সময় তিনি ওয়েজবোর্ড আপডেট করাসহ সাংবাদিকদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।