খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিউটন চাকমা (৪৭) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। তিনি সংগঠনটির প্রসীত গ্রুপের সদস্য বলে জানা গেছে। গতকাল বুধবার সকালে জেলা সদরের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিউটন চাকমা রাঙামাটি জেলার মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে।
ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকালে নিউটন চাকমা অপর এক সহযোগীকে নিয়ে আকবাড়ি এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের দিকে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও নিউটন চাকমার মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

