ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৬:০০ এএম

লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকাতে নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। গতকাল শনিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন ও কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়ন এ তথ্য জানায়।

লালমনিরহাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিজ্ঞপ্তিতে বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। কেউ যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও পুশইন প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু চোরাচালান প্রতিরোধেও কঠোর অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হচ্ছে।

অন্যদিকে কুড়িগ্রাম বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, দেশের অখ-তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে জেলার প্রায় ২৭৫ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। ইতোমধ্যে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

উভয় ব্যাটালিয়ন সীমান্ত এলাকার বাসিন্দাদের সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানানোর অনুরোধ জানিয়েছে বিজিবি।