চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগের পরিচালক মিজ মনোয়ারা বেগমের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এ উপলক্ষে চট্টগ্রাম ওয়াসার নবনির্মিত ভবনের তিনতলায় বোর্ডরুমে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ওয়াসার কর্মকর্তারা বিদায়ি ব্যবস্থাপনা পরিচালক মিজ মনোয়ারা বেগমকে বিদায় জানান এবং নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে ফুল দিয়ে বরণ করে নেন।
চট্টগ্রাম ওয়াসার সচিব মিজ শাহেদা ফাতেমা চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় চট্টগ্রাম ওয়াসার বর্তমান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালকদ্বয় ছাড়াও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন, প্রকৌশল ও অর্থ), বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ওয়াসার সর্বস্তরের কর্মকর্তারা। সভায় ওয়াসার সেবার মান উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

