ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

বললেন অ্যাটর্নি জেনারেল

হাইকোর্টে রামিসাসহ সংশ্লিষ্ট সব মামলার বিচার চলবে বিরতিহীন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:৫০ এএম

আলোচিত রামিসা হত্যা মামলাসহ অন্য সব নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচার হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে হাইকোর্টে রামিসা হত্যা মামলাটি দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের একটি বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এসব তথ্য জানান।

রুহুল কুদ্দুস কাজল বলেন, রামিসা হত্যা মামলার স্পর্শকাতরতা ও গুরুত্ব বিবেচনা করে এর ডেথ রেফারেন্স (মৃত্যুদ- নিশ্চিতকরণ) শুনানিতে তিনি নিজেই রাষ্ট্রপক্ষে অংশ নেবেন।

এর আগে, নারী ও শিশু নির্যাতন-সংক্রান্ত মামলাগুলোর ডেথ রেফারেন্স ও আপিল শুনানি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গত বুধবার হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। আগামী রোববার থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এই দ্বৈত হাইকোর্ট বেঞ্চে মামলার বিচারকাজ পরিচালিত হবে।

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এ-সংক্রান্ত বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানানো হয়, নবগঠিত এই বিশেষ বেঞ্চটি শুধু নারী ও শিশু নির্যাতন দমন আইন-সংক্রান্ত মৃত্যুদ-াদেশ কনফারমেশনের রেফারেন্স (ডেথ রেফারেন্স) এবং একই রায় থেকে উদ্ভূত সব ফৌজদারি আপিল ও জেল আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি ও নিষ্পত্তি করবে।