ক্ষমতাচ্যুত হয়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের সময় রাজধানীর কুড়িল ও বনানী থেকে ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দলটির গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মিছিল থেকে সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দিয়ে মিছিল করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বনানী থানা এলাকা থেকে ১৪ জন এবং ভাটারা থানা এলাকা থেকে ১৪ জন গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দুই থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গতকাল শনিবার সকাল ৭টার দিকে যমুনা ফিচার পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। কুড়িল বিশ্বরোডে এলাকায় যাওয়ার পর পুলিশের ধাওয়ার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মাইক্রোবাসে করে চলে যাওয়ার সময় বনানী থানা পুলিশ ১৪ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মিছিলকারীদের ধাওয়া দেয়। এ সময় মাইক্রোবাসে করে কুড়িল হয়ে পালানোর সময় বনানী থানা পুলিশের হাতে ১৪ জন আটক হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে বনানী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবিতে মিছিল শেষে ফেরার পথে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেনÑ মোতাহের হোসেন শুভ (৩০), মারুফুল ইসলাম (২৪), তানভীর আহম্মেদ সানী (২৪), ওয়ালিউল্লাহ ফারুক আদর (১৮), মো. সামির চৌধুরী ওরফে লিয়ন (১৮), মো. ইমন আলী খাঁন (১৯), মো. তাইবুর সাইফ (১৮), মো. ইয়াছিন আরাফাত আবির (২১), মো. সিফাত রহমান (১৯), ইয়াছিন আরাফাত নিহাদ (২০), মো. নাজমুল সরকার (১৯), মো. আবির হোসেন (২১), মো. তৌকির তারেক আয়াজ (২২) ও মো. হাবিবুর রহমান (৪৭)।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, শনিবার সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে একটি মাইক্রোবাসসহ ওই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ। গ্রেপ্তাররা বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী।
বনানী থানার ওসি (অপারেশনন্স) একেএম মাঈনউদ্দিন জানান, গ্রেপ্তারদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন