ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

মিরপুরে মাদরাসায় সাইনবোর্ড লাগাতে গিয়ে ৩ শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৫:৩৪ এএম

রাজধানীর মিরপুরের রূপনগরের একটি মাদরাসায় সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে তিন শিক্ষার্থী দগ্ধ হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হচ্ছেÑ মোহাম্মদ মারুফ (১২), মোহাম্মদ সালমান (২৬) ও মোহাম্মদ খাইরুল (১৪)।

তাদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ মামুন জানান, মিরপুরের রূপনগরের আশরাফুল উলুম মাদরাসায় বড় একটি সাইনবোর্ড লাগানোর সময় পাশে থাকা বিদ্যুতের তারের স্পর্শে তিন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মিরপুরের একটি মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে মারুফের শরীর ১৮ শতাংশ দগ্ধ, সালমানের শরীর ২ শতাংশ এবং খাইরুলের শরীর ৩ শতাংশ দগ্ধ হয়েছে। আমরা দুজনকে পর্যবেক্ষণে রেখেছি। একজনকে ভর্তি দেওয়া হয়েছে।