ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:৪৭ এএম

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ নিয়োগকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও শিক্ষকদের অবমূল্যায়ন দাবি করে তা বাতিলের আলটিমেটাম দিয়েছেন তারা।

গতকাল রোববার সকালে শিক্ষক সমিতির জরুরি সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই গাকৃবিতে দক্ষ ও যোগ্য একাডেমিক নেতৃত্ব গড়ে উঠেছে। এখানে যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও বহিরাগত কাউকে উপ-উপাচার্য নিয়োগ অগ্রহণযোগ্য। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, আমরা এই আত্মমর্যাদাবিরোধী নিয়োগ অবিলম্বে বাতিল করে অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপ-উপাচার্য নিয়োগের দাবি জানাই। প্রতিবাদস্বরূপ শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন এবং ভবনটি অবরুদ্ধ করে রাখেন।