ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

ঢাকা- পদ্মা সেতু রেলরুট

পিলারের গোড়া থেকে মাটি লুট : ঝুঁকিতে রেল সেতু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:৪৯ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের গোড়া থেকে অবাধে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। কোনো প্রকার অনুমোদন ছাড়াই স্থানীয় প্রভাবশালী মহলের নেতৃত্বে চলা এই মাটি কাটার ফলে সেতুটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসন নড়েচড়ে বসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার সাবেক ইউপি সদস্য আবুবক্কর ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে সেতুর পিলারের গোড়া থেকে মাটি কেটে ট্রাকে করে ইটভাটায় বিক্রি করছেন। তাদের দাবি, মাটি কাটার জন্য তাদের কাছে অনুমোদনের বৈধ কাগজপত্র রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্দেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন ঘটনাস্থলে ফতুল্লার সহকারী কমিশনারকে (ভূমি) পাঠান। সরেজমিনে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মাটি কাটায় নিয়োজিত ব্যক্তিদের দাবি, তারা প্রকল্প বাস্তবায়নকারী চায়না কোম্পানির কাছ থেকে মাটি কাটার ওয়ার্ক অর্ডার পেয়েছেন। এটি প্রকল্পের কাজেরই অংশ। তবে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

এদিকে রেল সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে এমন উদাসীনতা ও অবৈধ কর্মকা-ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, যারা এই অপকর্মের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, ‘ইউএনও’র নির্দেশ পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। সেতুটি রেলওয়ের হলেও প্রকল্পটির দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। যারা মাটি কেটে নিচ্ছেন, তারা জানিয়েছেনÑ তারা প্রকল্পের নির্মাণকারী সংস্থা চায়না কোম্পানির কাছ থেকে মাটি কাটার ওয়ার্ক অর্ডার পেয়েছেন। এটি এই প্রকল্পের কাজেরই অংশ। যেহেতু এটি নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে, তাই আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন, বাংলাদেশ রেলওয়ে কখনোই কোনো পিলারের নিচ থেকে মাটি কাটার অনুমোদন দেয় না। যারা মাটি কাটছে, তারা যে কাগজপত্র দেখাচ্ছে তা হয় ভুয়া, নয়তো তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি যাচাই-বাছাই করে দেখব।