ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

দশমিনায় ১৫ লাখ রেণু জব্দ, ট্রাকচালককে জরিমানা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:৫০ এএম

পটুয়াখালীর দশমিনায় অবৈধভাবে পরিবহনের সময় প্রায় ১৫ লাখ গলদা ও বাগদা চিংড়ির রেণু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত এসব রেণু পরে তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার ভোর ৫টার দিকে বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ-সংলগ্ন সড়ক দিয়ে একটি ট্রাকে ১২টি ড্রামে করে বিপুল পরিমাণ রেণু নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আবুল বশারের সন্দেহ হলে তিনি ট্রাকটি থামিয়ে তল্লাশি চালান। ড্রামভর্তি রেণু দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ চালককে আটক করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জব্দকৃত ১২টি ড্রামে প্রায় ১৫ লাখ গলদা ও বাগদা চিংড়ির রেণু ছিল, যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। অবৈধভাবে মৎস্য পোনা পরিবহনের দায়ে ট্রাকচালক নাসির উদ্দিনকে ৩০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন আদালত।

অভিযান পরিচালনাকালে নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদাউস, দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন ও ডিএসবি সদস্য হারুন অর রশিদসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আবুল বশার জানান, জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ট্রাকটির পানির নিঃসরণ দেখে সন্দেহ হয়। পিছু নিয়ে নিশ্চিত হওয়ার পর প্রশাসনকে খবর দিই। অবৈধ মৎস্য আহরণ ও পরিবহন রোধে আমরা সজাগ আছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, সংবাদ পেয়েই পুলিশ পাঠিয়ে ট্রাক ও রেণু জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দকৃত রেণুগুলো নদীর পরিবেশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।