চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বার ও চার টুকরা স্বর্ণসহ নিষিদ্ধ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ওই নেতার নাম মো. সিকান্দার আলী (৫০)। তিনি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং গোয়ালপাড়া গ্রামের কাসেদ আলীর ছেলে।
বিজিবি জানায়, জীবননগরের মেদিনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় নিয়মিত টহলে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর সীমান্ত পিলারের প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে সিকান্দার আলীকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজনৈকিত দলের স্থানীয় এক নেতা গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম স্বর্ণসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

