ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

যুবদল নেতা হত্যায় অংশ নেওয়া পাঁচ অস্ত্রধারী শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৫:৪০ এএম

চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে যুবদল নেতাকে হত্যার ঘটনায় অংশ নেওয়া পাঁচজনকে শনাক্তের তথ্য দিয়েছে পুলিশ। মাসুদুল হক চৌধুরী নামের ওই যুবদল নেতার হত্যাকা-ে পিস্তল ও এলজি ব্যবহার হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। তবে গতকাল রোববার দুপুর পর্যন্ত হত্যাকা-ে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় তখন পর্যন্ত মামলাও হয়নি।

শনিবার বেলা দেড়টার দিকে ৪৫ বছর বয়সি মাসুদুল হককে গুলি করে হত্যা করা হয়। তিনি পাশের উপজেলা রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। ওষুধ কিনতে তিনি চৌমুহনী বাজারে যান বলে পুলিশ জানিয়েছিল।

মাসুদুল হক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরীর ছোট ভাই।

হত্যাকা-ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, অস্ত্রধারীরা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থল চৌমুহনী বাজারে আসে। সে সময় মাসুদুল হক বাজারের একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। অস্ত্রধারীরা যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি মাটিতে পড়ে যাওয়ার পরেও অস্ত্রধারীদের মধ্যে একাধিক ব্যক্তি তাকে গুলি করে। এরপর অস্ত্রধারীরা ফাঁকা গুলি করতে করতে আবার অটোরিকশায় উঠে চলে যায়। এ সময় তিনজনের হাতে পিস্তল এবং দুজনের হাতে লম্বা আগ্নেয়াস্ত্র দেখা গেছে।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনার ফুটেজ সংগ্রহ করেছি। ঘটনায় জড়িত পাঁচজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে তাদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমাদের অভিযান চলছে। অভিযান চলমান থাকায় শনাক্ত হওয়া অস্ত্রধারীদের পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি। সাইফুল ইসলাম আরও বলেন, হত্যাকা-ে পিস্তল ও এলজি ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।