দীর্ঘ ২১ বছর পর চায়ের দেশ মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট নেমে সড়কপথে প্রথমে শ্রীমঙ্গল ও পরে মৌলভীবাজার সদরে পৌঁছে নিম্নআয়ের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণসহ সুধি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এদিকে জেলার দুটি উপজেলার অনুষ্ঠানকে ঘিরে মাঠ প্রস্তুত এবং মঞ্চ নির্মাণের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান নির্বিঘœ করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় নেতাকর্মীরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন।
সফরসূচি অনুসারে প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট নেমে সড়কপথে দুপুর ১টায় প্রথমে মৌলভীবাজার জেলার চায়ের জনপদ শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে সেখানে ১৫৫ জন নিম্নআয়ের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখান থেকে দুপুর আড়াইটায় সড়কপথে মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে সেখানে আয়োজিত রাজনগর উপজেলার জন্য বরাদ্দকৃত ১৫২ জন নিম্নআয়ের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণসহ সুধি সমাবেশে বক্তব্য রাখবেন। পরে বেলা সাড়ে ৩টায় স্থানীয় দুসাই রিসোর্টে বিশ্রাম ও সেখানে দলীয় নেতাদের নিয়ে রাজনৈতিক সভায় যোগ দেবেন। বিকেল পৌনে ৬টায় সড়কপথে সিলেট বিমানবন্দরের উদ্দেশে মৌলভীবাজার ত্যাগ করবেন তারেক রহমান।
জাতীয় নির্বাচনের আগে মৌলভীবাজারের আইনপুর এলাকায় নির্বাচনি জনসভায় তারেক রহমান বলেছিলেন, আপনারা ধানের শীষে ভোট দিলে, দল সরকার গঠন করলে, প্রধানমন্ত্রী হিসেবে আসব। প্রতিশ্রুতি অনুসারে সরকার গঠনের মাত্র চার মাসের মাথায় তার আগমন ঘিরে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি এবং মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর কাছে মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের দাবি একটি মেডিকেল কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজকে বিশ^বিদ্যালয়ে রূপান্তর, শমসেরনগর বিমানবন্দর চালুকরণ, প্রস্তাবিত মিরপুর শ্রীমঙ্গল হয়ে শেরপুর বাইপাস সড়ক নির্মাণসহ পর্যটন এলাকার জন্য বিভিন্ন উন্নয়নের প্রস্তাব তুলে ধরা হবে বলে জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ জেলার জন্য কাজ করবেন বলে সবসময় বলে আসছেন। তার আগমনের অপেক্ষায় আছেন সারা জেলার মানুষ। সবাই আজ আনন্দে আত্মহারা।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রতিদিন সকাল-বিকেল বৃষ্টির কারণে দুই উপজেলায় মাঠ প্রস্তুতিতে কিছুটা কষ্ট হলেও সব কাজ প্রায় সম্পন্ন। প্রধানমন্ত্রীর আগমনের অনুষ্ঠান ঘিরে সার্বিক নিরাপত্তাব্যবস্থা, মঞ্চ, আসনবিন্যাস, প্রবেশ ও প্রস্থান পথসহ পুরো মাঠের প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে জেলা প্রশাসন পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
গতকাল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন সব প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন