ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু’

নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:৫৭ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সহযোগী সংগঠন যুবলীগের একদল নেতাকর্মী গাজীপুর মহানগরের কলম্বিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। ওই সময় রাস্তায় পুলিশকে দেখে মিছিল থেকে ‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু, মাইরা ফালামু’ বলে হুমকি দিতে শোনা যায়।

গতকাল রোববার সকাল ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া গার্মেন্টসের সামনে থেকে শুরু হওয়া যুবলীগের মিছিলে পুলিশকে উদ্দেশ্য করে মেরে ফেলার হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভ মিছিল চলাকালে কয়েকজন পুলিশ সদস্যকে সড়কে দেখে যুবলীগের ক্যাডারদের বলতে শোনা যায়, ‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু, মাইরা ফালামু’। ওই ভিডিওতে ২০ থেকে ৩০ জনকে একটি ব্যানার নিয়ে মিছিল করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ মহানগর যুবলীগের একটি বিক্ষোভ মিছিল বাসন থানার কলম্বিয়া এলাকায় বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে গাছা থানার মালেকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। কলম্বিয়া এলাকা থেকে মিছিলটি গাছা থানা এলাকায় অতিক্রমকালে মহাসড়কে গাছা থানার এক এসআইসহ দুজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। তারা মিছিলের দিকে এগিয়ে যেতে চাইলে মিছিল থেকে যুবলীগের এক নেতা প্রকাশ্যে পুলিশকে সামনে এলে মেরে ফেলার হুমকি দেন। এ সময় পুলিশ সদস্যরা মিছিলের সামনের দিকে আর আগায়নি। পরে মালেকের বাড়ি এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে পুলিশ মেরে ফেলার হুমকি দেওয়ার বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গাজীপুর মহানগর যুবলীগের নামে ওই ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ জুনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কথা দেখা যায়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিলটি বাসন থানা থেকে শুরু হয়ে গাছা থানা সীমানায় প্রবেশ করে। সেখানে গাছা থানার একজন এসআইসহ আরও দুজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, মিছিলটি বাসন থানার শেষ প্রান্ত কলম্বিয়া এলাকার হলেও পুলিশকে হুমকি দেওয়া হয় গাছা থানা সীমানা এলাকায়। সেখানে গাছা থানার পুলিশ দায়িত্ব পালন করছিল। কারা এ মিছিলে অংশ নিয়েছিল, তার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিছিলটি গাছা এলাকার দিকে এগিয়ে যাওয়ার সময় মহাসড়কের বিপরীত পাশ থেকে পুলিশ সদস্যরা এগিয়ে এলে মিছিলকারীদের মধ্য থেকে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়। ব্যানারে লেখা ছিল, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক। বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল। এ ছাড়া ব্যানারের এক পাশে শেখ হাসিনা, অন্য পাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারের ছবি দেখা যায়। মিছিলকারীরা ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে দিতে গাছা এলাকার দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের বিপরীত পাশ থেকে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে এলে মিছিলকারীদের কয়েকজন তাদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের হুমকিমূলক বক্তব্য দিতে থাকেন।