রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যৌথ অভিযানে ১৯ কেজি ওজনের ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অভিযানটি পরিচালনা করে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিজি-১৪৮ ফ্লাইটের বিমানটির কার্গো হোল্ডে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৯ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বৃহস্পতিবার সকালে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
সামরিক গোয়েন্দা সংস্থাসহ কাস্টম কর্মকর্তাদের যৌথ একটি দল উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে টেপ প্যাঁচানো অবস্থায় মোট ১৬০টি বার উদ্ধার করে, যেগুলোর ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম।
ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়নি। উদ্ধার হওয়া সোনার উৎস, কার্গো হোল্ডে কীভাবে এগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে।
কাস্টমস কর্মকর্তা কামরুল হাসান বলেন, সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

