জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। সেখানে দুইটা নির্বাচন ছিল; গণভোট এবং এমপিকে ভোট দেওয়া হয়েছে। গণভোট ছিল সংস্কারের পক্ষে-বিপক্ষে। বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে। জনগণের সঙ্গে প্রতারণা করছে। জাতির সঙ্গে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে ‘জুলাই পদযাত্রা’। গতকাল সোমবার কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়। ওই সময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এসব কথা বলেন। এদিকে কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও ভয়াবহ পাহাড়ধসের কারণে প্রাণহানির ঘটনায় পূর্বনির্ধারিত আজকের (মঙ্গলবার) কর্মসূচি স্থগিত করেছে এনসিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলের জন্য নির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
জুলাই পদযাত্রার বক্তব্যে পাঁচটি দাবি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা পাঁচটি দাবি নিয়ে এসেছি। এই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, যার মাধ্যমে সংস্কার করতে হবে। দেশের পরিবর্তন করতে হবে, যেটা আমার-আপনার আকাক্সক্ষা ছিল জুলাই গণঅভ্যুত্থানে। যে পরিবর্তনের জন্য আমরা শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। দ্বিতীয়ত, আমরা তরুণদের কর্মসংস্থানের দাবি জানিয়েছি। তৃতীয়ত, দাবিতে দেশের বিদ্যুৎ-সংকটের কথা তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘দৈনিক সাত থেকে আট ঘণ্টা লোডশেডিং হয়, এই লোডশেডিং সমস্যার সমাধান করতে হবে। এই সরকার কমিটমেন্ট করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, বিদ্যুৎ সমস্যার সমাধান করবে; কিন্তু তারা যে বাজেট দিয়েছে, তাতে এমন কিছু নেই, যাতে তারা বিদ্যুতের সমস্যা সমাধান করতে পারবে। ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে।’ অন্যান্য দাবির মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশের বেহাল আইনশৃঙ্খলা ঠিক করার কথা উল্লেখ করেন নাহিদ ইসলাম।
পদযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ।
এদিকে কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও ভয়াবহ পাহাড়ধসের কারণে প্রাণহানির ঘটনায় পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে দলটি। বিবৃতি অনুযায়ী, আজ মঙ্গলবার কক্সবাজার সদর, পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে এনসিপির এই পদযাত্রা কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় দলটি কর্মসূচি পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বৃহস্পতিবার ফেনীর সোনাগাজী থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের পদযাত্রা পুনরায় শুরু হবে। এ ছাড়া যেসব এলাকায় কর্মসূচি স্থগিত করা হয়েছে, সেগুলোর পদযাত্রা এই মাসের শেষ দিকে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজিত হবে।
উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই কর্মসূচি পরিচালনা করছে। পদযাত্রাটি উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলÑ এই দুই ভাগে বিভক্ত। সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে একটি সমাবেশের মাধ্যমে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন