ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সচিবালয়ে অর্থমন্ত্রী

আইএমএফের সঙ্গে আগের সরকারের প্রোগ্রাম ছিল জনস্বার্থবিরোধী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:১১ এএম

সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে। দেশের মানুষের স্বার্থ ক্ষুণœ করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না। তবে আগের সরকারের সঙ্গে নেওয়া প্রোগ্রামটি বাতিল করা হয়েছে।

গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশের চলমান রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ অবস্থান ও পরিকল্পনা তুলে ধরেন তিনি। এ সময় অর্থমন্ত্রী জানান, আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী। সেই কর্মসূচিতে এমন অনেক শর্ত ছিল, যা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয়। এ কারণেই বর্তমান সরকার সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের মূল চিন্তা টাকা পাওয়া নিয়ে নয়, বরং দেশের স্বার্থ রক্ষা করা। একটি নির্বাচিত সরকার হিসেবে বাংলাদেশের মানুষের এবং দেশের অর্থনীতির স্বার্থ সুরক্ষিত রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। জনগণের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করে, এমন একটি নতুন প্রোগ্রামে আমরা যাচ্ছি। যে কর্মসূচিতেই আমরা যাই না কেন, সেখানে বাংলাদেশের জনগণের স্বার্থ শতভাগ সংরক্ষিত থাকবে।

আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে আস্থা বাড়াতে বর্তমান ভিসানীতিতে পরিবর্তন আনা হবে। তিনি বলেন, একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের বর্তমান ভিসানীতি সংশোধন করা দরকার। এই নীতিকে আরও সহজ ও আধুনিক করা হবে।

ভিসানীতি আধুনিক করা হলে দেশে-বিদেশি পর্যটকদের আগমন বাড়বে, বিদেশি বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারবেন এবং বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ওপর আস্থা ও গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।