ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রংপুরে বাসচাপায় মাদরাসা সুপার নিহত

রংপুর ব্যুরো
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৭:২১ এএম

রংপুর নগরীতে যাত্রীবাহী বাসের চাপায় আবুল কাশেম (৫০) নামে এক মাদরাসা সুপার নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড়ের দক্ষিণে তুলা গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম নগরীর জিয়াতপুকুর মাজার শরিফ দাখিল মাদ্রাসার সুপার ছিলেন। পাশাপাশি তিনি একটি মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন। তার বাড়ি মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আবুল কাশেম তার সাত বছর বয়সী মেয়েকে মাদরাসায় পৌঁছে দিতে মোটরসাইকেলে করে লোকাল লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস হঠাৎ লেন পরিবর্তন করে লোকাল লেনে উঠে এলে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবুল কাশেমের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় আবুল কাশেম তার মেয়েকে রাস্তার পাশে সরিয়ে দিতে সক্ষম হন। এতে শিশুটি অক্ষত থাকে। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কে বিক্ষোভ শুরু করেন এবং বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা বাসচালক ও সহকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক বলেন, ‘দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’