গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি মাইক্রোবাস থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু (পোনা) জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রেণু মধুমতী নদীতে অবমুক্ত করা হয়। এ সময় পরিবহনের সঙ্গে জড়িত এক শ্রমিককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়দের সহযোগিতায় রেণুবাহী মাইক্রোবাসটি আটক করা হয়। পরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা গাড়িটি তল্লাশি করে ১২টি ড্রামে সংরক্ষিত গলদা চিংড়ির রেণু উদ্ধার করেন। উদ্ধারকৃত রেণুর বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা যায়, কালো রঙের একটি মাইক্রোবাস পাটগাতী বাসস্ট্যান্ডের টোল প্লাজায় পৌঁছলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে উপজেলা মৎস্য কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা দেবাশীষ বাছাড় এবং সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসটি তল্লাশি করে ১২টি ড্রামভর্তি গলদা চিংড়ির রেণু উদ্ধার করা হয়।

