ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ওয়ানডেকে বিদায় জানালেন হোল্ডার

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৭:২৬ এএম

তিন বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে নেই জেসন হোল্ডার। এবার জানা গেল, থমকে থাকা সেই ক্যারিয়ারের সমাপ্তিই টেনে দিয়েছেন তিনি। ৫০ ওভারের ক্রিকেট থেকে এই অলরাউন্ডারের বিদায়ের খবর খোলাসা করলেন কোচ ড্যারেন স্যামি। জাতীয় দলে হোল্ডারের ভবিষ্যৎ প্রসঙ্গে ‘দা স্কুপ এক্সটেন্ডেড’ পডকাস্টের বিশেষ একটি পর্বে এই তথ্য জানান স্যামি।

গত প্রায় দুই বছর ধরে টেস্ট ক্রিকেটেও দেখা যাচ্ছে না হোল্ডারকে। তবে ৩৪ বছর বয়সি অলরাউন্ডারের সাদা পোশাকের ক্রিকেটের অধ্যায় এখনই শেষ নয় বলে জানালেন ক্যারিবিয়ান কোচ।

‘হ্যাঁ, জেসন এখনো টেস্টের জন্য বিবেচনায় আছে। আমি জানি, ওয়ানডে থেকে অবসর নিয়েছে ও। আমাদের নিজের আগ্রহের কথা জানিয়েছে। এটাও মাথায় রাখতে হবে, সে ফ্রাঞ্চাইজি ক্রিকেটারও। এখন আমাদের আলোচনার জায়গা হচ্ছে কখন তাকে পাওয়া যাবে এবং কোথায় তাকে খেলাতে পারব। কিন্তু হ্যাঁ, সে পরিষ্কারভাবে জানিয়েছে, টেস্টে এখনো তার আগ্রহ আছে।’

ওয়ানডেতে হোল্ডার সবশেষ খেলেছেন ২০২৩ সালের জুলাইয়ে বিশ^কাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে। ১৩৮ ওয়ানডের ক্যারিয়ারে ৩৬.৯৬ গড়ে নিয়েছেন ১৫৯ উইকেট। দুবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি আছে। ১২ ফিফটিতে ২৪.৮৫ গড়ে করেছেন ২২৩৭ রান।

২০১৫ ও ২০১৯ বিশ^কাপে নেতৃত্ব দেওয়া হোল্ডারের অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৮৬ ওয়ানডে। সেখানে জয় ধরা দিয়েছে ২৪টি, পরাজয় ৫৪টি। গত দুই বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি ও বিশ^জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা নিয়ে ব্যস্ত হোল্ডার।

আগামী বিশ^কাপে অংশ নেবে ১৪ দল। ওয়েস্ট ইন্ডিজ তাই বিশ^ আসরে ফেরার আশা করতেই পারে। সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে অবশ্য এখনো বেশ পিছিয়েই আছে প্রথম দুই আসরের চ্যাম্পিয়নরা। র‌্যাঙ্কিংয়ের অবস্থানে সরাসরি বিশ^কাপে ঠাঁই না পেলে বাছাইয়ে অংশ নিতে হবে ক্যারিবিয়ানদের।