মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অভিযোগে ‘আপন বেকারি’র মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত মনিটরিং অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তিনি জানান, অভিযানে দেখা যায়, ‘আপন বেকারি’তে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে। এ ছাড়া বেকারির বর্জ্য নির্ধারিত ডাস্টবিনে না ফেলে প্রতিষ্ঠানের ভেতরেই ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এসব অনিয়মের দায়ে বেকারির মালিক মো. জহিরুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

