ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৯:২৩ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা বাড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (১৩ জুলাই) সপ্তাহের প্রথম লেনদেনেই ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। এর আগে এর দাম ৭০ দশমিক ১৪ ডলার পর্যন্ত নেমে এসেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে ওঠে।

জ্বালানি বিশ্লেষক এবং জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো ওমিদ শোকরির মতে, বর্তমান সংঘাত দীর্ঘায়িত হলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের সীমা অতিক্রম করতে পারে। তার ভাষ্য, ভূরাজনৈতিক ঝুঁকি বাড়ার কারণে বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা দামের সঙ্গে অতিরিক্ত ঝুঁকির মূল্যও যুক্ত করছেন।

তিনি আরও বলেন, সংঘাতের কারণে যদি হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয় বা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতির মুখে পড়ে, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।

ওমিদ শোকরির পর্যবেক্ষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা যতদিন থাকবে, ততদিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম তুলনামূলকভাবে উঁচু অবস্থানে থাকতে পারে। এমনকি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দামের ওঠানামা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত তেলের বাজারের গতিপ্রকৃতি নির্ভর করবে বৈশ্বিক সরবরাহ কতটা ব্যাহত হয়, তার ওপর।