ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সিতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) বলেছে, এই অঞ্চলের বেসামরিক জাহাজ চলাচল ও অবকাঠামোকে কোনোভাবেই লক্ষ্যবস্তু করা উচিত নয়।
রোববার (১২ জুলাই) এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করে ভারত।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় জাহাজটিতে ১১ জন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন ভারতীয় নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন এবং তার সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
এক বিবৃতিতে এমইএ বলেছে, ‘আজ সকালে ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হামলার আমরা নিন্দা জানাই। জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।’
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
এমইএ ওমানি কর্তৃপক্ষের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছে, ‘আমরা তাদের সহযোগিতার জন্য ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ধারাবাহিক হামলাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় অবিলম্বে উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক সমাধানের লক্ষ্যে চলমান আলোচনা শেষ করার আহ্বান জানিয়েছে, যাতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা অবশ্যই বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আইন মেনে এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্ন নৌচলাচল এবং বাণিজ্য দ্রুত পুনরুদ্ধার করতে হবে।’

