ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

নেপালে বালেন্দ্র শাহের পদত্যাগের দাবিতে জেন-জিদের বিক্ষোভ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবিটি এনডিটিভির নিউজ থেকে নেওয়া।

দুর্নীতি, স্বজনপোষণ এবং বেকারত্ব দূর করে একটি নতুন নেপাল গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে সরকার গঠনের এক বছর পূর্ণ হওয়ার আগেই তার বিরুদ্ধে নতুন করে রাজপথে নেমেছে দেশের যুবসমাজ।

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গত তিন দিনে কাঠমান্ডুর রাস্তায় প্রকাশ্য দিবালোকে তিন যুবক নিজেদের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে দু'জন মারা গেছেন এবং অপর একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের পতন এবং গত বছরের ‘জেন-জি’ আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন বলেন্দ্র শাহ। তবে বর্তমানে তার বিরুদ্ধেই সরব হয়েছে ‘জেন-জি নেপাল’ সংগঠন।

সংগঠনটির অভিযোগ, দেশবাসীর মনে যে আশার সঞ্চার করে তিনি ক্ষমতায় এসেছিলেন, সেই প্রত্যাশা পূরণে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধির লক্ষ্যে সরকারের বাজেট ও নীতিমালায় কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। বরং প্রধানমন্ত্রী জনবিরোধী ও স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছেন বলে অভিযোগ তুলে নতুন করে বিক্ষোভে নেমেছে নেপালের যুবসমাজ।

আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে বিরোধী দল নেপালি কংগ্রেস। দলটির দাবি, রাষ্ট্রের চরম ব্যর্থতার কারণেই দেশের যুবকদের আত্মাহুতির মতো চরম পথ বেছে নিতে হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালে সাবেক সরকারের আমলে প্রেম আচার্য নামে এক যুবকের আত্মাহুতির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন তৎকালীন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা, বেকারত্ব এবং দুর্নীতির বিরুদ্ধে তার প্রচারণা যুবসমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এরই ধারাবাহিকতায় ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে কেপি শর্মা ওলিকে পরাজিত করে মাত্র ৩৫ বছর বয়সে দেশের প্রধানমন্ত্রী হন তিনি। তবে ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই এবার একই ধরনের জনরোষের মুখে পড়েছেন বলেন্দ্র শাহ।

সূত্র: পূবের কলম ও এনডিটিভি।